
চট্টগ্রাম: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তবসম্মত অর্থায়নের কোনো ঘোষণা না আসার অভিযোগ তুলে চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নৌকা বাইচ, র্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) নগরীর ফিরিঙ্গিবাজার অভয় মিত্র ঘাটে আয়োজিত এ কর্মসূচিতে কৃষির জন্য ন্যায্য জলবায়ু অর্থায়ন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং নবায়নযোগ্য জ্বালানিতে কৃষকের মালিকানা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন ও প্রান যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
নৌকা বাইচ-পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত থাকলেও ওই দিনের আলোচনা থেকে কৃষকদের জন্য সুনির্দিষ্ট অর্থায়নের অঙ্গীকার, সময়সীমা কিংবা বাধ্যতামূলক কোনো সিদ্ধান্ত আসেনি।
তারা বলেন, এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের জলবায়ু অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। অথচ এ খাত অভিযোজন অর্থায়নের মাত্র ২০ শতাংশ পায়। অন্যদিকে জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থায়নে কৃষির অংশ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
কর্মসূচি থেকে কপ৩১-এর ২০ নভেম্বরের চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণ করার সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং চাহিদার অনুপাতে কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। বক্তারা বলেন, এই অর্থ ক্ষুদ্র কৃষকদের কাছে ঋণ হিসেবে নয়, সরাসরি অনুদান হিসেবে পৌঁছাতে হবে।
এ ছাড়া কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার মালিকানা কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকদের হাতে থাকতে হবে। পাশাপাশি সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।
জাতীয় অভিযোজন পরিকল্পনা, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এবং কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানানো হয়।
আইএসডিই বাংলাদেশের কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, আলকরণের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা এবং আবদুল মান্নান জিহাদসহ অন্যরা।
নৌকা বাইচ, পদযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে আয়োজকরা জলবায়ু সংকট মোকাবিলায় কৃষকের ন্যায্য অধিকার, কৃষিতে পর্যাপ্ত অর্থায়ন এবং জ্বালানি রূপান্তরে কৃষকের অংশীদারত্ব নিশ্চিত করার আহ্বান জানান।