কমলনগরে রাসেল ভাইপারের আ’ত’ঙ্ক, চর ফলকন ইউনিয়ন পরিদর্শনে ইউএনও

কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়নে বিষধর রাসেল ভাইপারের (চন্দ্রবোড়া) ছোবলে সম্প্রতি দুজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে কৃষক, দিনমজুর ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সরেজমিনে ইউনিয়নটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় তিনি চর ফলকন ইউনিয়ন পরিষদ ও আশপাশের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই ইউনিয়নে রাসেল ভাইপারের ছোবলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়। এরপর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে মেঘনা নদীর তীরবর্তী এলাকার কৃষক ও শ্রমজীবী মানুষ মাঠে কাজ করা এবং স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।

পরিদর্শনকালে ইউএনও মো. রাহাত উজ জামান স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি অযথা আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দেন।

তিনি ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার রাখা, চলাচলের সময় সতর্কতা অবলম্বন এবং রাতে পর্যাপ্ত আলো ব্যবহার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাপে কাটলে কোনোভাবেই ওঝা-বৈদ্যের কাছে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এদিকে, রাসেল ভাইপারের উপদ্রব ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram