কমলনগর থানার ওসির বিরুদ্ধে ফেসবুকে অভিযোগের ঝড়, ঘুষ-হয়রানি ও অপরাধীদের আশ্রয় দেওয়ার অভিযোগ।

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলমের বিরুদ্ধে অসদাচরণ, সেবাপ্রার্থীদের অভিযোগ উপেক্ষা, ঘুষ গ্রহণ এবং অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন। তাঁর পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি মন্তব্যের মাধ্যমে ওসির বিরুদ্ধে নিজেদের ভোগান্তি ও অভিযোগ তুলে ধরেছেন।

১৫ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে রেদোয়ান হোসেন অভিযোগ করেন, ফরিদুল আলম কমলনগর থানায় যোগদানের পর থেকে এলাকায় ডাকাতি, হত্যাকাণ্ড, মাদক ও জুয়ার মতো অপরাধ বেড়েছে। তাঁর দাবি, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে কাউকে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে।

এ ছাড়া থানায় সেবা নিতে যাওয়া সাধারণ মানুষের সঙ্গে ওসি অসদাচরণ করেন এবং অভিযোগকারীদের বক্তব্য না শুনে নিজের মতামত চাপিয়ে দেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টটির মন্তব্যের ঘরে নাজমা নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ওসি সাধারণ মানুষের অভিযোগ শুনতে চান না; বরং নিজের বক্তব্যই শুনিয়ে দেন। অপরাধীদের সঙ্গে কথা বলার সময়ও তিনি তাদের পক্ষ নেন বলে দাবি করেন ওই মন্তব্যকারী। একই মন্তব্যে ঘুষ গ্রহণের অভিযোগও তোলা হয়।

মোশাররফ হাওলাদার নামের একজন মন্তব্য করেন, ‘কমলনগর এখন অলি-আউলিয়ার চারণভূমি।’ নুর উদ্দিন নামের আরেক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় গেলে ওসি তাঁর কথা না শুনে নিজের বক্তব্য শুনিয়েছেন।

অন্যদিকে, হারুন নামের একজন মন্তব্যে দাবি করেন, কম টাকা দেওয়ার কারণে তাঁর বোনের ঘটনায় মামলা নেওয়া হয়নি। স্বেচ্ছাসেবক দলের কর্মী মাহফুজ অভিযোগ করেন, দুই থেকে তিন মাস আগে একটি মিথ্যা ডাকাতি মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। অথচ তিনি নিজে একটি ঘটনায় মামলা করতে গেলে থানা তাঁর অভিযোগ গ্রহণ করেনি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. রেদোয়ান হোসেন বলেন, “আমি সাবেক ছাত্রনেতা হিসেবে ওসির বিভিন্ন অনিয়ম আমার চোখে পড়ায় নৈতিক দায়িত্ববোধ থেকে মুখ খুলেছি। অনেকেই ভয়ে কথা বলেন না। আমি চাই, এসব অন্যায় ও অনিয়ম বন্ধ হোক এবং সাধারণ মানুষ থানায় গিয়ে যথাযথ সেবা পাক।”

অন্যদিকে, এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম ফেসবুক পোস্ট নিয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, “এটা স্বাধীন দেশ। যে কেউ তাঁর মতামত যেকোনোভাবে প্রকাশ করতে পারে। আইনানুগ কোনো বিষয় থাকলে আমার কাছে প্রশ্ন করেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং থানায় সাধারণ মানুষের হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram