চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ (লালখান বাজার) এটি: প্রতিমন্ত্রী মীর হেলাল।

চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) সকালে জনসাধারণের চলাচলের জন্য ব্রিজটি উদ্বোধনের আগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এটিকে চট্টগ্রামের সবচেয়ে দৃষ্টিনন্দন ও নিরাপদ ফুটওভার ব্রিজ হিসেবে উল্লেখ করেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় লালখান বাজার মোড়সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে ফুটওভার ব্রিজটি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি হলো—‘কথা কম, কাজ বেশি’। তাঁর নির্দেশনায় চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুতগতিতে বাস্তবায়িত হচ্ছে। এ সময় তিনি সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি চট্টগ্রামের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।

ফুটওভার ব্রিজটি চালুর মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের মানুষের প্রয়োজনে যেকোনো উন্নয়ন প্রকল্পের প্রস্তাব এলে তিনি নিজ দায়িত্বে তা অনুমোদনের ব্যবস্থা করবেন।

এ সময় দেশ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং অরাজকতা প্রতিহত করার বিষয়ে কঠোর বক্তব্যও দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ দাবিতে প্রধান অতিথির নেতৃত্বে একসময় মানববন্ধনও হয়েছিল। অবশেষে ব্রিজটি চালুর মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়েছে।

তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী সিডিএর বাস্তবায়িত শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এসব মেগা প্রকল্প চালু হলে চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।

নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, বিগত সাড়ে ১৭ বছর ধরে নগরে নানা অনিয়ম হয়েছে। খাল-নালা দখল করে এবং জোরপূর্বক মার্কেট ও ভবন নির্মাণ করা হয়েছে। চট্টগ্রামকে পরিকল্পিত, সবুজ ও নান্দনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। এসব অনিয়ম আর চলতে দেওয়া যাবে না।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্প প্রকল্পের অর্থায়নে নির্মিত ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার এবং উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের সুবিধার্থে ব্রিজটিতে ওঠানামার জন্য তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।

উল্লেখ্য, লালখান বাজার মোড় নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করেন। নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় অতীতে একাধিক দুর্ঘটনা ঘটে। ২০২২ সালের ১২ ডিসেম্বর মিনিবাসের ধাক্কায় স্কুলশিক্ষক ফারহানা ও তাঁর মেয়ে সায়কা এবং ২০২৩ সালের ২৪ জানুয়ারি প্রাইভেট কারের ধাক্কায় এক তরুণী আহত হন। এসব দুর্ঘটনার পর এলাকায় নিরাপদ পারাপারের দাবি জোরালো হয়।

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ইস্পাহানি মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram