চট্টগ্রামে চউকের অভিযান: নকশাবহির্ভূত ৯ ভবন সিলগালা, উচ্ছেদ ১৫ অবৈধ দোকান

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ এবং সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। সোমবার নগরীর বায়েজিদ ও বাকলিয়া থানা এলাকায় পরিচালিত এ অভিযানে নকশাবহির্ভূত নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে। পাশাপাশি চউকের নিজস্ব জায়গা দখল করে নির্মাণ করা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চউক সূত্রে জানা গেছে, অথরাইজড অফিসার-১-এর আওতাধীন এলাকায় সংস্থাটির নিজস্ব জায়গা অবৈধভাবে দখল করে দোকানগুলো নির্মাণ করা হয়েছিল। অভিযানে ১৫টি দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়।

এ ছাড়া একই এলাকায় ১০টি ভবনে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং অনুমোদিত নকশার বাইরে অতিরিক্ত অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিক সিলগালা করা হয়। বাকি একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে সংস্থার অবস্থান কঠোর।

তিনি আরও বলেন, নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

নগর পরিকল্পনা বাস্তবায়ন, সরকারি সম্পত্তি রক্ষা এবং নিরাপদ আবাসন নিশ্চিত করতে চউকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram