
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ পেশাদার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণের এক জোড়া বালা, রুপার নূপুর, নগদ ৮০ হাজার টাকা, ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়েছে।
১৪ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ফুলকলি শাহ আমানত হাউজিং সোসাইটির বাকলিয়া টাওয়ার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তাসলিমা আক্তার তাসু (২৩), রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনা (৪৬), তানিয়া আক্তার সাথী (২৪), মোহাম্মদ ছাব্বির (১৯) ও মো. জামাল (৩৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর নগরীর একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। ওই বাসার বাসিন্দা নাফিয়া তাবাচ্ছুমের সহকর্মী আখি খাতুন স্বামীসহ কক্সবাজারে বোনের বাসায় অবস্থানকালে দুপুরে বাসায় তালা লাগিয়ে কর্মস্থলে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, রুপার গহনা ও পোশাকসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরির বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ১৪ নভেম্বর কোতোয়ালী থানায় মামলা নম্বর-২৬ দায়ের করা হয়। পেনাল কোডের ৪৫৪/৩৮০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
মামলার তদন্তের অংশ হিসেবে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে এসআই আবদুল মোমেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য ও শনাক্তকরণের ভিত্তিতে বিভিন্ন কক্ষ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিনা বেগম ও মো. জামালের দেখানো মতে তাদের শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার করা হয়। তাসলিমা আক্তার তাসুর পায়ে পরিহিত অবস্থায় এক জোড়া রুপার নূপুর পাওয়া যায়। তানিয়া আক্তার সাথীর শয়নকক্ষের স্টিলের আলমারি থেকে একটি রুপার নূপুর ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মোহাম্মদ ছাব্বিরের শয়নকক্ষের প্লাস্টিকের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা একটি সাদা শপিং ব্যাগ থেকে ৯টি কামিজ ও একটি শাড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গ্রেপ্তার রিনা বেগম প্রকাশ রিনা আক্তার রেহেনার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশের পাহাড়তলী থানায় ২০২২ সালের ১৫ নম্বর মামলা এবং ডবলমুরিং থানায় ২০২১ সালের ২৭ নম্বর মামলা রয়েছে। উভয় মামলাই চুরি ও বাসায় অনধিকার প্রবেশসংক্রান্ত ধারায় দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।