চাঁদপুরে মরিয়ম স্টোরে দুঃসাহসিক চু’রি, সিগারেট ও নগদ টাকাসহ খোয়া গেল ৩০-৩৫ হাজার টাকার মালামাল।

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ‘মরিয়ম স্টোর’ নামের একটি খুচরা ও পাইকারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সংঘটিত এ ঘটনায় নগদ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের দামি সিগারেটসহ প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. নজরুল ইসলাম এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

দোকান মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো রাতের কাজ শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান, দোকানের পেছনের ব্যালকনি ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছে।

পরে দোকানের ভেতরে গিয়ে তিনি দেখেন, ক্যাশবাক্সে রাখা বিক্রির নগদ টাকা এবং শোকেসে সাজিয়ে রাখা বিভিন্ন ব্র্যান্ডের দামি সিগারেট ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে। দোকানের মালামালও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। প্রাথমিক হিসাব অনুযায়ী, নগদ টাকা ও সিগারেটসহ চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

এদিকে, ব্যস্ততম এলাকায় এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।

স্থানীয় ব্যবসায়ীরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রাতে পুলিশের নিয়মিত টহল এবং নাইট গার্ডের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram