
চাঁদাবাজির মামলার তদন্তে অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী এসি বাস উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সদরঘাট থানা পুলিশ। উদ্ধার করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানার হেফাজতে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর ২০২৬) রাত ১টা ৫০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সদরঘাট থানার এসআই আব্দুল্লাহ আল নোমান, এসআই মো. মিজানুর রহমান চৌধুরী এবং এএসআই মো. সাদ্দাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদরঘাট থানার মামলা নম্বর-০৯, তারিখ ১০ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৮৫/৩৪ ধারার মামলার আলামত হিসেবে দুটি এসি বাস উদ্ধার ও জব্দ করা হয়। বাস দুটির নিবন্ধন নম্বর হলো— ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৭৪ এবং ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৩।
পুলিশ জানিয়েছে, জব্দ করা বাস দুটি বর্তমানে সদরঘাট থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।