
নিজস্ব প্রতিবেদক:
নিজের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাঁর নির্দেশনায় নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার দীর্ঘদিনের বেদখল হয়ে থাকা ‘বালুর মাঠে’ বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চউক।
রোববার (১৫ নভেম্বর) নগরের প্রথম আবাসিক প্রকল্প হিসেবে পরিচিত আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১ দশমিক ৭৩ একরের একটি অ্যাপার্টমেন্ট প্লটে এ অভিযান চালানো হয়। চউকের অথোরাইজড-২-এর আওতাধীন ওই প্লটের প্রায় এক একর জায়গাজুড়ে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা পে-লোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির আশায় স্থানীয় বাসিন্দারা করতালি দিয়ে চউক চেয়ারম্যান ও অভিযান পরিচালনাকারী দলকে স্বাগত জানান।
চউক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্লটটির প্রায় এক একর জায়গা অবৈধ দখলে ছিল। সেখানে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার পাশাপাশি মাদকের আখড়া তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছিল।
বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা বালুর মাঠ হিসেবে পরিচিত ১ দশমিক ৭৩ একরের ওই অ্যাপার্টমেন্ট প্লটে অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া গড়ে ওঠার বিষয়টি তাঁর নজরে আনেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে তিন দিনের সময়সীমা বেঁধে দেন। একই সঙ্গে সব ধরনের অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
চেয়ারম্যানের সেই ঘোষণার ধারাবাহিকতায় রোববার চউকের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন চউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটি-২-এর চেয়ারম্যান মোহাং মনজুর হাসান এবং অথোরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
অভিযান চলাকালে পে-লোডার দিয়ে প্লটটিতে অবৈধভাবে গড়ে ওঠা গ্যারেজ হিসেবে ব্যবহৃত একাধিক শেড, ‘রয়ালস অটো কেয়ার’ নামের গ্যারেজ, ‘ফার্ম ভিলে সুইটস অ্যান্ড বেকারস’, ‘এমিগো স্পোর্টস সেন্টার’ (টার্ফ ও ক্লাব), ‘নিউ রাহি ফার্নিচার মার্ট’, ‘চৌধুরী সুপার শপ’ এবং ৮ থেকে ১০টি টং দোকান উচ্ছেদ করা হয়।
তবে মানবিক দিক বিবেচনায় ‘এমিগো স্পোর্টস সেন্টারের’ জেনারেটর রুম ও ‘চৌধুরী সুপার শপের’ মালামাল সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে দুই দিন সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কেউ যেন অবৈধ স্থাপনা কিংবা সরকারি জায়গায় অননুমোদিত কোনো নির্মাণকাজ না করেন। পাশাপাশি কোনো স্থাপনা বা জায়গা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে অবশ্যই জমির মালিকানা স্বত্ব ভালোভাবে যাচাই করে নেবেন।”
চউক চেয়ারম্যানের দ্রুত পদক্ষেপে দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান এবং মাদকের আখড়া হিসেবে পরিচিত স্থাপনাগুলো উচ্ছেদ হওয়ায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, উদ্ধার হওয়া জায়গাটি দ্রুত পরিকল্পিতভাবে উন্মুক্ত মাঠ ও জনসাধারণের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হবে।