টিকটক, ফেসবুক, সেটিং, তারপর হাত ধরে বের হয়ে যাওয়া

বাবা-মা রাতে ঘুমাতে পারে না। পুলিশ রাতে ঘুমাতে পারে না। ১২-১৪ বছর, ১৫-১৬ বছরের একটি মেয়ে। হাতে একটা মোবাইল। টিকটকে একটা ছেলের সাথে পরিচয়। ফেসবুকে সেটিং। মেসেঞ্জারে কথা। তারপর একদিন কাউকে না জানিয়ে, হাত ধরে বাসা থেকে বের হয়ে যাওয়া।

এটা কি গল্প? না। এটা এখন বাংলাদেশের প্রতিদিনের খবর:

পুলিশ সদর দপ্তরের অফিসিয়াল তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই, মাত্র ৭ মাসে, বাংলাদেশে ১৫,৭১৭ জন শিশু নিখোঁজ হয়েছে বলে জিডি হয়েছে। এর মধ্যে ১৫,২৪৩ জনই ১০ থেকে ১৭ বছর বয়সী। মানে প্রায় ৯৭ শতাংশই টিনএজার। এর মধ্যে ১৩,৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু ২,০৩৮ জন এখনো নিখোঁজ, খুঁজে পাওয়া যায় নাই।

বরিশাল বিভাগের পুলিশের তথ্য আরও ভয়ংকর। ২০২৬ সালের প্রথম ৭ মাসে বরিশাল বিভাগে ১,৬৮৯ জন শিশু-কিশোর বাসা থেকে বের হয়ে গেছে। এর মধ্যে ১,০৭৮টি ঘটনা, মানে প্রায় ৬৪ শতাংশ, প্রেমের সম্পর্কের সাথে জড়িত। বাকিগুলো পরিবারের সাথে ঝগড়া, বাবা-মায়ের উপর অভিমান, মাদ্রাসার কড়া শাসন, সোশ্যাল মিডিয়ায় আসক্তি, এসব কারণে।

আর মৌলভীবাজারের জুড়িতে কি হয়েছিল মনে আছে? টিকটকে সম্পর্ক হওয়ার পর ১৫ বছরের এক ছেলে আর ১৫ বছরের এক মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশ গিয়ে উদ্ধার করেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা হয়েছে।

আমি প্রশ্ন করছি, এই মেয়েটা কেন গেল? এই ছেলেটা কে? এই ছেলেটাকে সে চিনে কিভাবে? উত্তর একটাই, মোবাইল। টিকটকে একটা ভিডিও। ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। মেসেঞ্জারে একটা হাই। তারপর দিনের পর দিন কথা। মেয়েটা মনে করে, এই ছেলেটাই আমাকে বোঝে। বাবা-মা আমাকে বোঝে না। এই ছেলেটাই আমার আপন। এটাকে বিজ্ঞানের ভাষায় বলে অনলাইন গ্রুমিং। মানে প্রথমে বন্ধুত্ব, তারপর বিশ্বাস, তারপর ম্যানিপুলেশন, তারপর বাসা থেকে বের করে নিয়ে যাওয়া।

বিএমজে ওপেন জার্নালে ২০২৫ সালে প্রকাশিত বাংলাদেশের গবেষণায় দেখা গেছে, ইন্টারনেট ব্যবহারকারী কিশোর-কিশোরীদের প্রায় ৫৩ শতাংশ জীবনে কোনো না কোনোভাবে অনলাইন যৌন হয়রানির শিকার হয়েছে। এর মধ্যে ৫৩ শতাংশ অনলাইন গ্রুমিং, ৩৮ শতাংশ সাইবার ফ্ল্যাশিং, ৩৫ শতাংশ সেক্সটিং সংক্রান্ত হয়রানি, ১৮ শতাংশ যৌন প্রস্তাব, ১২ শতাংশ সেক্সটরশন, মানে ছবি দিয়ে ব্ল্যাকমেইল।

আরেকটা গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ২৩ শতাংশ শিশু অনলাইনে মারাত্মক ঝুঁকিতে আছে। ফেসবুক ব্যবহারকারী শিশুদের মধ্যে ৭৭ শতাংশ ঝুঁকিতে আছে।

আর বাল্যবিবাহের ডাটা শুনলে আপনি চমকে যাবেন। বিবিএস আর ইউনিসেফের এমআইসিএস-২০২৫ রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে এখনো ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ৪৭ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছরের আগে। আর ১৫ থেকে ১৯ বছর বয়সী বিবাহিত মেয়েদের মধ্যে ৩৮ দশমিক ৯ শতাংশ এখনো স্কুল বয়সী।

এই মেয়েটা যখন বাসা থেকে বের হয়ে যায়, তখন কি হয়? প্রথমে পরিবারের বদনাম হয়। সমাজে মুখ দেখানো যায় না। বাবা থানায় গিয়ে জিডি করে। মা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। তারপর পুলিশের উপর দোষ পড়ে। পুলিশ কেন খুঁজে পায় না? পুলিশ কেন দেরি করে? আমি আজ পুলিশের পক্ষে কথা বলতে এসেছি। পুলিশকে দোষ দেওয়ার আগে একটা কথা ভাবুন। পুলিশ তাকে শনাক্ত করবে কিভাবে? মেয়েটার কাছে কোনো এনআইডি নাই। ছেলেটা তার আসল নাম বলে নাই। ফেসবুক আইডি ভুয়া। টিকটক আইডি ভুয়া। মেয়েটা হোটেলে গিয়ে নিজেকে ১৮ বছর বলে পরিচয় দেয়। রেজিস্টারে ভুয়া নাম লেখে।

কুমিল্লার লালমাইয়ের ঘটনাটা মনে আছে? ১৫ বছরের একটা মেয়ে। মায়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেল। ফেসবুক, ইনস্টাগ্রামে পরিচয় হওয়া এক ছেলের কাছে চলে গেল। কক্সবাজারের রিসোর্টে নিজেকে ১৮ বছর, স্বামী-স্ত্রী বলে রেজিস্ট্রি করলো। তারপর বাড়ি ফেরার পথে সে আর ফিরলো না।

এই ঘটনার পর দোষ পড়লো পুলিশের উপরে। কিন্তু আমি প্রশ্ন করছি, নিজের পরিবার থেকে যদি সচেতন না হয়, একজন রাষ্ট্রের পুলিশ কিভাবে সচেতনতা ফিরিয়ে আনবে? পুলিশের কাজ অপরাধী ধরা। পুলিশের কাজ সন্তান মানুষ করা না। সন্তান মানুষ করার কাজ পরিবারের। পুলিশ তো অনলাইন জিডি চালু করেছে। পুলিশ তো মুন অ্যালার্ট চালু করেছে। মেটার সাথে চুক্তি করে হারানো শিশুর নোটিফিকেশন দিচ্ছে। ২০২৬ সালে পুলিশ ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করেছে। এটা কি কম কাজ?

কিন্তু পুলিশ একা কি করবে? যদি বাবা-মা সন্তানের হাতে মোবাইল দিয়ে নিজে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যদি বাবা-মা জানে না, তার ১৩ বছরের মেয়ে রাত ১২টায় কার সাথে কথা বলছে। যদি বাবা-মা জানে না, তার মেয়ের ফেসবুকে কতজন অপরিচিত বন্ধু আছে।

তাই আমি পরিবারকে বলছি, ৩টা কাজ আজ থেকে করুন। এক, ১৬ বছরের নিচে সন্তানকে আলাদা মোবাইল দিবেন না। দিলেও পাসওয়ার্ড আপনার কাছে রাখুন। রাতে মোবাইল আপনার ঘরে রাখুন। দুই, সন্তানের সাথে বন্ধু হোন। সন্তানকে বকা দিবেন না, সন্তানকে বোঝান। সন্তান যেন ভয় না পেয়ে, আপনাকে এসে বলতে পারে, মা, একটা ছেলে আমাকে বিরক্ত করছে। তিন, সন্তানকে বলুন, ফেসবুক, টিকটকে অপরিচিত কাউকে বিশ্বাস করবা না। যে ছেলে তোমাকে বাসা থেকে বের হতে বলে, সে তোমাকে ভালোবাসে না। সে তোমাকে ব্যবহার করতে চায়। ভালোবাসা কখনো পালিয়ে যেতে বলে না। ভালোবাসা কখনো বাবা-মাকে কাঁদাতে বলে না।

আর মেয়েদেরকে বলছি, তোমার জীবন অনেক দামি। একটা ভুল সিদ্ধান্তে তোমার জীবন অল্প বয়সেই শেষ হয়ে যেতে পারে। তুমি সেক্সুয়াল হ্যারাসমেন্টের আওতায় পড়ে যেতে পারো। তুমি ব্ল্যাকমেইলের শিকার হতে পারো। তোমার ছবি দিয়ে তোমাকে সারাজীবন কাঁদাতে পারে। আমি পুলিশকে দোষ দিচ্ছি না। আমি পরিবারকে দোষ দিচ্ছি না। আমি বলছি, পরিবার সচেতন হলে, পুলিশের কাজ সহজ হবে। পরিবার আর পুলিশ একসাথে কাজ করলে, কোনো ১২ বছরের মেয়েকে আর হাত ধরে বের হতে হবে না।

বীর চট্টলা টিভি সত্যের সন্ধানে নির্ভীক জনস্বার্থে

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram