
আমদানি করা সয়া সসের নমুনায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী টোটাল নাইট্রোজেন থাকার কথা শূন্য দশমিক ৬৪ শতাংশ। কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরীক্ষাগারে পাওয়া গেছে মাত্র শূন্য দশমিক ৩১ শতাংশ। নির্ধারিত মান পূরণ করতে না পারায় ঢাকার এক আমদানিকারকের ওই চালানের ছাড়পত্র প্রত্যাখ্যান করেছে বিএসটিআই।
শুধু সয়া সস নয়, খাদ্যপণ্য থেকে শুরু করে জীবনরক্ষাকারী হেলমেট, বৈদ্যুতিক সরঞ্জাম, প্রসাধনী ও নিত্যব্যবহার্য বিভিন্ন আমদানি পণ্যের নমুনা পরীক্ষায়ও মানের ঘাটতি শনাক্ত হয়েছে।
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে ১০৪টি আমদানি চালানের নমুনা পরীক্ষার ছাড়পত্র প্রত্যাখ্যান করা হয়েছে। বিপরীতে একই সময়ে ৬ হাজার ৬৯৫টি চালান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাড়পত্র পেয়েছে।
প্রত্যাখ্যাত চালানের পণ্যের তালিকায় রয়েছে বিস্কুট, ক্যান্ডি, কফি, ভিনেগার, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, কর্ন অয়েল, চিপস, জুস, মেয়োনিজ, টুথব্রাশ, স্কিন ক্রিম, মেহেদি, আইলাইনার, টয়লেট সোপ, সোলার ইনভার্টার, ইলেকট্রিক আয়রন, সার্কিট ব্রেকার, স্যানিটারি ওয়্যার অ্যাপ্লায়েন্স ও ফ্রিজারসহ বিভিন্ন পণ্য।
দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ
বিএসটিআইয়ের পরীক্ষায় প্রথমবার কোনো আমদানি পণ্যের নমুনা নির্ধারিত বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রহণযোগ্য না হলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আর্টিকেল ৫.৩ অনুযায়ী স্বচ্ছ ও বাণিজ্যবান্ধব প্রক্রিয়ায় দ্বিতীয়বার নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। তবে এ জন্য বিএসটিআই মহাপরিচালকের অনুমোদন প্রয়োজন।
আধুনিক পরীক্ষাগারে বেড়েছে সক্ষমতা
একসময় জাম্বুরি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে জরাজীর্ণ ভবনে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করত বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। পানির নমুনাসহ গুরুত্বপূর্ণ অনেক পণ্য পরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হতো। এতে সময়ক্ষেপণের পাশাপাশি ভোগান্তিতে পড়তেন আমদানিকারক, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা।
সরকারের উদ্যোগ এবং ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে আধুনিক বহুতল ভবন, সম্প্রসারিত পরীক্ষাগার এবং উন্নত ডিজিটাল যন্ত্রপাতির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে রসায়ন পরীক্ষণ উইংয়ে ১৯০টি পণ্যের মধ্যে ১৫৫টির নমুনা পরীক্ষা করা হচ্ছে। অন্যদিকে পদার্থ পরীক্ষণ উইংয়ে রয়েছে ৩৩টি পণ্যের নমুনা পরীক্ষার সুবিধা।
গত ৬ সেপ্টেম্বর ভোজ্যতেলের ভিটামিন এ, রিফ্র্যাকটিভ ইনডেক্স এবং জুস ও সসের ব্রিক্স প্যারামিটারে পরীক্ষার সক্ষমতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড (বিএবি) থেকে সনদ অর্জন করেছে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের রসায়ন ল্যাবরেটরি। বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের বাইরে এটিই প্রথম অ্যাক্রিডিটেশন পাওয়া ল্যাবরেটরি।
নয় মাসে ১০৭টি ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ২২ লাখ টাকার বেশি
বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মো. মোমেন উস সাজ্জাদ জানান, গত নয় মাসে আমদানি পণ্যের নমুনা পরীক্ষার পাশাপাশি ওজন কারচুপি প্রতিরোধে ১০৭টি এবং পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণে ৯৩টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময়ে ওজন কারচুপির দায়ে ১১ লাখ ৬০ হাজার টাকার বেশি এবং পণ্যের গুণগতমান নিয়ন্ত্রণে ১১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট ১৩১টি মামলা দায়েরের বিপরীতে ১৩১টি মামলাই নিষ্পত্তি হয়েছে।
এ ছাড়া ১৬৭টি সার্ভিল্যান্স টিম পরিচালনা, ২ লাখ ৩২ হাজার ৪৭২টি পরিমাপযন্ত্রের যাচাই, ২৯১টি পণ্যের মোড়কজাত সনদ এবং ১৯৫টি পণ্যের গুণগতমান সনদ প্রদান করা হয়েছে। গুণগতমান সনদ দেওয়ার লক্ষ্যে ৩৯৫টি কারখানা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি ২৫৩টি গুণগতমান সনদ নবায়ন এবং ৬৩টি সনদ প্রত্যাখ্যান করা হয়েছে। জনগুরুত্ব বিবেচনায় খোলাবাজার থেকে ২৬০টি পণ্যের নমুনা সংগ্রহ করে মান যাচাই করা হয়েছে।
মো. মোমেন উস সাজ্জাদ বলেন, সাধারণ মানুষ হয়তো প্রতিদিন আইএসও, আইইসি কিংবা বিডিএসের কথা বলেন না। কিন্তু প্রত্যেকেই চান তাঁর সন্তানের খাবার নিরাপদ হোক, বৈদ্যুতিক তারে আগুন না লাগুক, দুর্ঘটনায় হেলমেট জীবন রক্ষা করুক এবং এক কেজি পণ্য কিনলে যেন এক কেজিই পান।
তাঁর ভাষায়, মান কোনো কাগজের সনদ নয়; মান হলো নাগরিকের সঙ্গে রাষ্ট্রের আস্থার চুক্তি। একটি পরীক্ষাগারের সফলতা তখনই, যখন তার পরীক্ষার ফল মানুষের জীবন, সম্পদ ও অধিকার রক্ষায় ভূমিকা রাখে।
মান নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদারের দাবি ক্যাবের
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এসএম নাজের হোসাইন বলেন, বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আধুনিক ভবন ও পরীক্ষাগার স্থাপনের ফলে আমদানি পণ্যের মান যাচাইয়ের সক্ষমতা বেড়েছে। আমদানি করা পণ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অনুসরণ না করা হলে জনস্বাস্থ্য ও জননিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।
তিনি বলেন, আমদানিকারকদের উচিত রপ্তানিকারকদের আগে থেকেই বাংলাদেশের পণ্যের মানদণ্ড সম্পর্কে অবহিত করা। খাদ্যপণ্যের মান সঠিক না হলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে। একইভাবে বৈদ্যুতিক সরঞ্জাম, সোলার প্যানেল ও হেলমেটের মানে ঘাটতি থাকলে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হয়।
জনগণের আস্থা ধরে রাখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বিএসটিআইয়ের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদারের দাবি জানান তিনি। একই সঙ্গে পণ্য কেনার সময় মানচিহ্ন, মেয়াদ ও ওজন যাচাই করতে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
আমদানি পণ্যের মান যাচাই, ভোক্তার নিরাপত্তা এবং বাজারে সঠিক ওজন নিশ্চিত করতে বিএসটিআইয়ের পরীক্ষাগার ও নজরদারি কার্যক্রম কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে—তা এখন জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়।