
পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশ দুটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রথম প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকা ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। এসবির সুপারনিউমারারি পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই কলেজে পুলিশ সুপার পদে পদায়ন পেয়েছেন পুলিশ অধিদপ্তরের (টিআর) এ. এইচ. এম. শাহাদাত হোসাইন।
পুলিশ অধিদপ্তরের (টিআর) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে এসআরইউর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে। মাকসুদা খাতুনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।