![]()
বিকাশ! এই একটা নাম বাংলাদেশের ১৮ কোটি মানুষের পকেটে! কিন্তু আজ বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসলো এমন এক তথ্য, যা শুনলে সারা বাংলাদেশ নড়ে চড়ে বসবে!
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ১: আইন কি বলে?
বীর চট্টলা টিভির অনুসন্ধানে দেখা গেছে – বাংলাদেশ ব্যাংকের ‘গাইডলাইনস টু এস্টাবলিশ ডিজিটাল ব্যাংক’ ভার্সন-২ এর ৬ এর (১১) অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে – “বাংলাদেশে কার্যরত কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হিসেবে অনুমোদন দেওয়া হবে না।” অর্থাৎ ব্যাংক উদ্যোক্তা হতে পারবে না! আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তা হতে পারবে না! একদম পরিষ্কার!
আবার একই নীতিমালার ৫ এর (৪) অনুচ্ছেদে* বলা হয়েছে – ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ডিজিটাল ব্যাংকের শেয়ারধারণের সীমা নির্ধারিত হবে। আর ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২০২৩ সালে সংশোধিত ১৪ এর ক (১) ধারা অনুযায়ী – কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক কিংবা যৌথভাবে কোনো ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারবেন না। অর্থাৎ আইন বলছে – ১০% এর বেশি না! প্রত্যক্ষও না, পরোক্ষও না!
আবার ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক নতুন নীতিমালা জারি করে বলেছে – ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো! অর্থাৎ আইন ৩ বার বলছে – ব্যাংক পারবে না! ব্যাংক পারবে না! ব্যাংক পারবে না!
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ২: বিকাশ কার?
বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধানে দেখা গেছে – বিকাশের ৫১ শতাংশ শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক! অবশিষ্ট শেয়ারের মালিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ফলে বিকাশ ব্র্যাক ব্যাংকের একটি সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠান। বিকাশের আয়-ব্যয় ও আর্থিক ফলাফলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের সরাসরি সম্পর্ক রয়েছে। ব্র্যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদনে বিকাশের পৃথক আর্থিক তথ্য প্রকাশেরও আইনি বাধ্যবাধকতা রয়েছে। তাহলে প্রশ্ন হলো – যে ব্যাংক সরাসরি ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হতে পারবে না, সে ব্যাংকের ৫১ শতাংশ মালিকানাধীন প্রতিষ্ঠান কিভাবে এই উদ্যোগের উদ্যোক্তা হওয়ার সুযোগ পেলো?
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৩: ১০ + ১০ = ২০ এর খেলা!
বীর চট্টলা টিভির অনুসন্ধানে আরও ভয়ংকর তথ্য বেরিয়ে এসেছে! বিকাশের ১০ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ১০ শতাংশ শেয়ারধারণের সুযোগ তৈরি হলে একই মালিকানা বলয়ের হাতে ঘুরেফিরে ২০ শতাংশ নিয়ন্ত্রণ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে!
আইন বলছে ১০% এর বেশি না! কিন্তু ঘুরে ফিরে হয়ে যাচ্ছে ২০%! এইভাবে বিকাশকে উদ্যোক্তা বানিয়ে ব্র্যাক ব্যাংকেরও পরোক্ষভাবে নতুন ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে। বিকাশের মাধ্যমে নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠিত হলে ব্র্যাক ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণ ও আর্থিক স্বার্থ নতুন ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার আশঙ্কাও রয়েছে।
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৪: ইতিহাস কি বলে?
বীর চট্টলা টিভির অনুসন্ধানে দেখা গেছে – ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রথম সার্কুলার করা হয় ২০২৩ সালের জুনে। ওই নীতিমালার আলোকে ৫২টি আবেদন জমা পড়ে বাংলাদেশ ব্যাংকে। সেখান থেকে প্রাথমিকভাবে আটটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রথম ধাপে শুধু দুইটি প্রতিষ্ঠানকে ডিজিটাল লাইসেন্সের প্রাথমিক লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন বলা হয় – এই দুইটির কার্যক্রম শুরু হলে দ্বিতীয় ধাপে অন্যদের দেওয়া হবে।
এজন্য ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি হওয়ায় বিকাশকে তখন ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা করতে গত ২৪ সেপ্টেম্বর পাঁচটি প্রতিষ্ঠানকে লেটার অব ইনটেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তার মধ্যে বিকাশও আছে! অর্থাৎ আগে যে কারণে দেওয়া হয় নাই, এখন সেই একই কারণ থাকা সত্ত্বেও দেওয়া হলো কেনো? আইন কি বদলে গেছে? নাকি আইনের প্রয়োগ বদলে গেছে?
বীর চট্টলা টিভির অনুসন্ধান – ৫: গভর্নরের কাছে প্রশ্ন!
বীর চট্টলা টিভির অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ভেতরেও এই সিদ্ধান্ত নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে তথ্য উঠে এসেছে।
আমাদের প্রশ্ন পরিষ্কার –
১. চূড়ান্ত লাইসেন্স দেওয়ার আগেই বাংলাদেশ ব্যাংককে জবাব দিতে হবে – ৬(১১) অনুচ্ছেদ থাকা সত্ত্বেও বিকাশকে কীভাবে যোগ্য বিবেচনা করা হলো?
২. ব্র্যাক ব্যাংকের ৫১ শতাংশ মালিকানার প্রভাব কীভাবে মূল্যায়ন করা হয়েছে?
৩. অন্য আবেদনকারীদের ক্ষেত্রে যে নীতিমালা প্রয়োগ করা হয়েছে, বিকাশের ক্ষেত্রেও কি একই মানদণ্ড অনুসরণ করা হয়েছে?
৪. বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পরোক্ষ নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হবে কি না?
শাখাবিহীন সম্পূর্ণ অনলাইননির্ভর ব্যাংকিং সেবা চালু করতে প্রচলিত ব্যাংকের পাশাপাশি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু সে উদ্যোগের নিয়ন্ত্রক সংস্থা যদি নিজের তৈরি নীতিমালার প্রয়োগেই প্রশ্নের মুখে পড়ে, তাহলে পুরো ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। বিকাশের জন্য বিশেষ ব্যাখ্যা আর অন্যদের জন্য কঠোর বিধান – এমন ধারণা তৈরি হলে ডিজিটাল ব্যাংকিংয়ে সমান প্রতিযোগিতার পরিবেশও থাকবে না।
বীর চট্টলা টিভি কোনো ব্যাংকের বিরুদ্ধে না। বীর চট্টলা টিভি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না। বীর চট্টলা টিভি আইনের পক্ষে! নীতিমালার পক্ষে! জনগণের পক্ষে! বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব শুধু লাইসেন্স দেওয়া নয়, বরং আইন, নীতিমালা ও জনস্বার্থ রক্ষা করা। বিকাশের আবেদন যদি সত্যিই সব শর্ত পূরণ করে থাকে, তাহলে তার আইনগত ও মালিকানাগত ভিত্তি প্রকাশ করা হোক। আর যদি নীতিমালার কোনো বিধান শিথিল বা ব্যাখ্যা করে অনুমোদন দেওয়া হয়ে থাকে, সেটিও জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন। নইলে প্রশ্ন থেকেই যাবে – *ব্যাংক উদ্যোক্তা হতে পারবে না, অথচ ব্যাংকের ৫১ শতাংশ মালিকানাধীন প্রতিষ্ঠান পারবে; এটি কি নীতিমালার প্রয়োগ, নাকি নীতিমালার ফাঁক দিয়ে বিশেষ সুবিধা দেওয়ার নজির?
বীর চট্টলা টিভি, সত্যের সন্ধানে নির্ভীক