
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ক্ষমতাচ্যুত ও পলাতক দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে—এই দুটি বিষয় আলাদা করে বুঝতে হবে। তাকে শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।
দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় আত্মবিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়েই সরকার কাজ করছে এবং পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত রাখা হবে।
তিনি বলেন, ‘আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।’
এ সময় আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলায় জড়িত থাকার অভিযোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তার ভাষ্য, এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে।
ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকেরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন সময়ে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের আলোচনা করে থাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়েছে, ব্রিফিংয়ে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।