সড়কে প্রাণহানি রোধে ৪০ কিলোমিটার গতিসীমা মানার আহ্বান, চালকদের সতর্ক করল চসিক

সড়কে হতাহতদের স্মরণ এবং নগরীর সড়ক নিরাপদ করে তুলতে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সভায় নগরীর সড়কে সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) নগর ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সড়কে হতাহতদের স্মরণে বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ উপলক্ষে ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি সহায়তায় এ আয়োজন করা হয়।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্রাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য দেন চসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন।

সভায় মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, সড়ক নিরাপদ রাখার দায়িত্ব সিটি কর্পোরেশন, পুলিশ, গাড়িচালক ও পথচারীসহ সবার। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সড়কে প্রাণহানি প্রতিরোধ করা সম্ভব।

তিনি চালকদের উদ্দেশে বলেন, নগরীর পথচারী ও সাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। কোনো অবস্থাতেই সহকারীদের দিয়ে গাড়ি চালানো যাবে না। অসুস্থ থাকলে গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্দেশিত সর্বোচ্চ ৪০ কিলোমিটার গতিসীমা মেনে চলতে হবে।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. লিয়াকত আলী বলেন, অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। কয়েক মিনিট সময় বাঁচানোর চেয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চালকদের সামান্য ভুলে একটি প্রাণ ঝরে যেতে পারে, ধ্বংস হতে পারে একটি পরিবার। তাই সড়কে চলাচলের সময় চালকসহ সব ব্যবহারকারীকে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

মূল প্রবন্ধে আমিনুল ইসলাম সুজন বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু একজন মানুষের মৃত্যু হয় না, এর প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। দুর্ঘটনায় বেশি প্রাণ হারান অল্পবয়সী, তরুণ ও কর্মক্ষম জনগোষ্ঠীর মানুষ। ফলে পরিবার ও সমাজ দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়ে। সড়কে প্রাণহানি রোধে সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সভায় সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল আবদুল কুদ্দুস মজুমদারের স্ত্রী রাশেদা আখতার তাঁর স্বামীর মৃত্যুর ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তিনি চালকদের ধীরে এবং নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালানোর অনুরোধ জানান। তাঁর আহ্বান, সড়কে চলাচলকারী প্রত্যেক মানুষের পরিবার রয়েছে। চালকদের দায়িত্বশীল আচরণই পারে পরিবারগুলোকে এমন বেদনাদায়ক পরিস্থিতি থেকে রক্ষা করতে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, চালকদের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়াও দুর্ঘটনার একটি কারণ হতে পারে। তাই নিয়ম অনুযায়ী চালকদের বিশ্রাম নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন বিআইজিআরএসের এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর কাজী হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলন চট্টগ্রাম জেলার সাবেক আহ্বায়ক সালমান শামীম, ডেভেলপমেন্ট উইমেন নেটওয়ার্কের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের (ইপসা) ড. মোরশেদ হাসান মোল্লা।

বিআইজিআরএস চট্টগ্রামের ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর সুতপা তাসনিমের সঞ্চালনায় সভায় চসিকের ২০ জন গাড়িচালককে সড়ক নিরাপত্তা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করা হয়।

সংশ্লিষ্টদের মতে, সড়কে প্রাণহানি কমাতে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রয়োজন চালক, পথচারী ও সংশ্লিষ্ট সব পক্ষের সচেতনতা, দায়িত্বশীলতা এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram