
নিজস্ব প্রতিবেদক:
সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর একান্ত সহকারী (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে বর্তমানে ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা জমা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এর আগে আ ন ম আহমাদুল বাশারের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা।
আবেদনে উল্লেখ করা হয়, আ ন ম আহমাদুল বাশার একজন সরকারি কর্মচারী (পাবলিক সার্ভেন্ট) হিসেবে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ নিজ নামে অর্জন ও ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী জারি করা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি তাঁর নামে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব অর্থ অন্যত্র সরিয়ে ফেলা হলে অনুসন্ধানের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাঁর ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
আবেদনটি শুনানি শেষে আদালত সিটি ব্যাংকে থাকা তাঁর ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।