
নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ওয়াচার কনস্টেবলদের তিন দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কোর্স-২০২৬’ শুরু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সিএমপির মাল্টিপারপাস শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
ওয়াচার কনস্টেবলদের কর্মদক্ষতা বৃদ্ধি, পেশাগত সক্ষমতা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপি কমিশনার বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতিটি সদস্যের দক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্ব পালনে আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মানুষের বিশ্বাস ও আস্থা অর্জনের পাশাপাশি পুলিশি সেবায় পেশাদারিত্ব, মানবিক আচরণ ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করে একটি দক্ষ, দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত।
এ ছাড়া সিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।