
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর প্রতিনিধি):
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় নদীভাঙন রোধে প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মেগা বেড়িবাঁধ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। প্রকল্পের বিভিন্ন প্যাকেজে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে একটি প্যাকেজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান বি জে কোম্পানির নির্মাণকাজে নিম্নমানের ইটের খোয়া সরবরাহের অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বি জে কোম্পানির নির্মাণকাজের জন্য চুক্তি অনুযায়ী এক নম্বর ইটের খোয়া সরবরাহের কথা থাকলেও সরবরাহকারী এক ব্যবসায়ীর পক্ষ থেকে কিছু নিম্নমানের ইটের খোয়া সাইটে ফেলা হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বি জে কোম্পানির সংশ্লিষ্টদের অবহিত করেন।
এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি ওই ব্যবসায়ীর কাছ থেকে ইটের খোয়া নেওয়া বন্ধ করে দেয় এবং সাইটে থাকা নিম্নমানের ইটের খোয়াগুলো সরিয়ে ফেলার ব্যবস্থা নেয় বলে জানানো হয়েছে। বর্তমানে মানসম্মত ইটের খোয়া ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।
কাজের মান নিয়ে আপস নয়: বি জে কোম্পানির ম্যানেজার
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বি জে কোম্পানির ম্যানেজার মনির হোসেন। তিনি বলেন,
“আমরা নদীভাঙনকবলিত মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছি। পুরো বর্ষা মৌসুমে তাঁরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটান। আমরা বিগত বর্ষার পুরো মৌসুমে অত্যন্ত যত্নসহকারে ও কষ্ট করে বেড়িবাঁধের কাজ করেছি। যার ফলে গত বর্ষায় নদীতে কোনো ভাঙন সৃষ্টি হয়নি এবং মানুষ নিরাপদ ছিল। আমাদের কাজের মান দেখে সর্বপ্রথম এলাকাবাসী আমাদের ধন্যবাদ জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “কাজের ক্ষেত্রে আমরা কখনোই আপস করি না। সামনেও আরও মানসম্মত কাজ উপহার দিতে চাই। যেহেতু এটি পানি উন্নয়ন বোর্ডের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, তাই এখানে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নিয়মিত কাজের সাইটে এসে তদারকি করছেন। আশা করছি, নির্ধারিত সময়ের অনেক আগেই, অর্থাৎ আগামী বছরের আগেই আমাদের বেড়িবাঁধের সম্পূর্ণ কাজ সফলভাবে শেষ করতে পারব।”
নদীভাঙন থেকে রক্ষা পাওয়ার অপেক্ষায় উপকূলের মানুষ
স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনে বসতভিটা ও সম্পদ হারিয়ে উপকূলীয় অঞ্চলের বহু পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে। তাই রামগতি ও কমলনগরের মানুষের জন্য এই বেড়িবাঁধ শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং জীবন ও সম্পদ রক্ষার অন্যতম ভরসা।
তাঁদের মতে, নির্মাণকাজে স্থানীয় জনগণের সচেতন নজরদারি, ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা এবং পানি উন্নয়ন বোর্ডের নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে প্রকল্পটি টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
তবে প্রকল্পের প্রকৃত অগ্রগতি, নির্মাণসামগ্রীর গুণগত মান এবং কাজের নির্ধারিত সময়সীমা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও মান যাচাই অব্যাহত রাখা জরুরি।