
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, হাজিরহাট বাজারে গোপনে অবৈধভাবে ইলিশ মাছ কেনাবেচা চলছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে পরিচালিত ঝটিকা অভিযানে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে জব্দ করা ইলিশ মাছগুলো হাজিরহাট বাজারে অবস্থিত স্থানীয় ইকরা আল-হাদী জাকিয়া খাতুন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য দপ্তর কঠোর অবস্থানে রয়েছে। কোনো অসাধু ব্যবসায়ী বা জেলেকে ছাড় দেওয়া হবে না। ইলিশ সম্পদ রক্ষায় এ ধরনের ঝটিকা অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।”
ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি অবৈধভাবে ইলিশ আহরণ, পরিবহন ও কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।