বিদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, ১৩ থেকে কমে ৯ শ্রেণি।

নিজস্ব প্রতিবেদন।

বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন ও ভ্রমণপ্রক্রিয়া সহজ করতে বিদ্যমান ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে নামিয়ে ২৩টিতে আনা হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের পাশাপাশি আবেদনপত্রের জটিলতাও কমানো হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসা নীতিতে পরিবর্তন আনা হয়েছিল। আন্তর্জাতিক রীতিনীতি ও উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবার দ্বিতীয় দফায় সংস্কার করা হয়েছে।

ট্যুরিস্ট ভিসার পরিবর্তে ‘ভিজিটর ভিসা’

নতুন ব্যবস্থায় ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এ ভিসার আওতায় থাকবে।

ভিজিটর ভিসার দুটি উপশ্রেণি নির্ধারণ করা হয়েছে—ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর পর্যন্ত হতে পারে। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসার জন্য এক বছর মেয়াদি ভিসা

চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহীদের জন্যও নতুন সুবিধা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হবে এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ হবে এক বছর। পাশাপাশি একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।

রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং ফলোআপের জন্য বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এ উদ্যোগকে যুক্ত করা হয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ভিসা

বিদেশি শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা চালু করা হচ্ছে।

এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। অন্যদিকে এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে শিক্ষাক্রমের মেয়াদ অনুযায়ী ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।

ব্যবসায়িক ভিসায় আসছে নতুন সুযোগ

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার জন্য ব্যবহার করা যাবে বি-১ ভিসা।

অন্যদিকে বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজে এ ভিসা ব্যবহার করা যাবে। এ সুবিধায় ই-ভিসার মাধ্যমেও আবেদন করা সম্ভব হবে।

১৭২টি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা সুবিধা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।

সংস্কার করা ভিসা ব্যবস্থায় মোট ৯টি মূল শ্রেণি থাকবে। এগুলো হলো—

১. ব্যবসায়িক ভিসা
২. কূটনৈতিক ভিসা
৩. কর্মসংস্থান ভিসা
৪. সাংবাদিক ভিসা
৫. চিকিৎসা ভিসা
৬. সরকারি ভিসা
৭. শিক্ষার্থী ভিসা
৮. ভিজিটর ভিসা
৯. বিবিধ ভিসা।

ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ বিশেষ কয়েকটি শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা প্রদান শুরু হতে পারে। এ সংস্কার কার্যকর হলে ভারত ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার জন্য বিদেশি নাগরিকদের ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

“চট্টগ্রামে কাস্টমসের ভিতরে আরেক কাস্টমস! এইচএস কোড ভুল দেখিয়ে কোটি টাকা দাবি! সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন – ম্যানেজ না করলে হয়রানির শেষ নাই! বীর চট্টলা টিভির হাতে অডিও রেকর্ডিং!” (পার্ট-০১)

“বীর চট্টলা টিভির গভীর অনুসন্ধান: সিডিএ’র গাড়ি চালক মোহাম্মদ মহিউদ্দিন কোটিপতি কিভাবে? বেতন ২০ হাজার, সম্পদ কোটি টাকা! বদলি, যেতে হচ্ছে খুলনা – কিন্তু কেনো এতদিন চট্টগ্রামে?” (পার্ট-০১)

“চালের দাম নিয়ে সবাই চেঁচায়, সাবানের দাম নিয়ে কেউ কথা বলে না! লাক্স ৩০ টাকা থেকে ৫৫ টাকা, রিন ৬০ টাকা থেকে ৯০ টাকা, ক্লোজআপ ৫০ গ্রাম থেকে ৪৫ গ্রাম হয়েও দাম বেশি! কসমেটিকসে ১৬,০০০ কোটি টাকার গলা কাটার খেলা – বীর চট্টলা টিভির অনুসন্ধান!”

বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধান: আইন বলছে ব্যাংক উদ্যোক্তা হতে পারবে না, আইন বলছে ১০% এর বেশি শেয়ার নিতে পারবে না – তারপরও ৫১% মালিকানার প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স কিভাবে? বাংলাদেশ ব্যাংকের নীতিমালার কি বলে?