
বরিশালের হিজলায় পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. মোস্তাকিম রহমানকে সিরাজগঞ্জের কামারখন্দ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১২, সিরাজগঞ্জের যৌথ আভিযানিক দল।
রোববার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বরিশাল জেলার হিজলা থানায় দায়ের করা পুলিশ পরিচয়ে প্রতারণার মামলার প্রধান পলাতক আসামি মো. মোস্তাকিম রহমান (২২) সিরাজগঞ্জের কামারখন্দ এলাকায় অবস্থান করছেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১২, সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোস্তাকিম রহমান সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কুড়া উদয়পুর এলাকার মো. আব্দুর রশিদ সরকারের ছেলে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বরিশাল জেলার হিজলা থানায় দায়ের করা মামলা নং-০৬, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। মামলাটিতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬/৪১৯/৪২০/১৭১/৫০৬(২)/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: মোসলেহ উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া), পক্ষে অধিনায়ক।