চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদন।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত জাপানে অবস্থানকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

এ ছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা সফরসঙ্গী হিসেবে জাপান যাবেন।

সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি চলমান অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে মেট্রোরেল প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক, শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে দুই দেশের সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram