“চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট! একই গাড়ির একই কাজ বারবার দরপত্রে! প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস! তদন্ত কমিটি গঠন, প্রতিবেদন পেলেই ব্যবস্থা!

আজ আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের কণ্ঠ হয়ে কথা বলতে এসেছি। কারণ ডা. শাহাদাত হোসেন চান – চট্টগ্রাম হবে নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর। আর সেই নগরে কোনো হরিলুট চলবে না! আজকের খবরটা হলো – চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪৬টি গাড়ি ও ভারী যন্ত্রপাতি মেরামতের দরপত্র ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে।

বাংলাধারার রিপোর্ট অনুযায়ী – একই গাড়ির একই ধরনের কাজ একাধিকবার দরপত্রে অন্তর্ভুক্তি, বিপুলসংখ্যক গাড়ির যন্ত্রাংশ সরবরাহ এবং সামগ্রিক ব্যয়ের হিসাব প্রকাশ না করায় প্রশ্নের মুখে পড়েছেন চসিকের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস।

এখন তথ্য দিয়ে বুঝেন, কেন প্রশ্ন উঠেছে!

১ নম্বর ডাটা: গত ১৯ আগস্ট প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে ৪৬টি পৃথক কাজের তালিকা দেওয়া হয়। এসব কাজের মধ্যে রয়েছে ময়লার গাড়ির ইঞ্জিন ও গিয়ারবক্স সংস্কার, বডি ও কেবিন মেরামত, ডেন্টিং-পেইন্টিং, বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন, টায়ার সরবরাহ, কনটেইনার মেরামত এবং ভারী যন্ত্রপাতির গুরুত্বপূর্ণ অংশ সংস্কার।

২ নম্বর ডাটা: দরপত্র বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন চসিকের যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাস।

৩ নম্বর ডাটা: দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ আগস্ট দুপুর ১টা পর্যন্ত দরপত্র দলিল কেনার এবং একই দিন দুপুর ২টার মধ্যে দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। ৪৬টি পৃথক কাজের ক্ষেত্রে একই সময়সীমা নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

৪ নম্বর ডাটা: সবচেয়ে বড় প্রশ্নটা এখানে! দরপত্রের তালিকায় ২৭৪৩৬২ চেসিস নম্বরের একটি আইশার ময়লার গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, বডি ও কেবিন সংস্কারের কাজ একাধিকবার উল্লেখ রয়েছে। একই গাড়ির একই কাজ কিভাবে দুইবার দরপত্রে আসে? এই প্রশ্নের জবাব কে দিবে?

৫ নম্বর ডাটা: এছাড়া একটি প্যাকেজে ৩৬টি গাড়ি ও একটি মোটরসাইকেলের যন্ত্রাংশ সরবরাহের কথা বলা হয়েছে। অন্য একটি প্যাকেজে রয়েছে ২৬টি গাড়ির যন্ত্রাংশ সরবরাহ।

৬ নম্বর ডাটা: শুধু গাড়ি নয়, হালিশহরের আনন্দবাজার বর্জ্যাগারে ব্যবহৃত শৃঙ্খলচালিত ভারী মাটি কাটার যন্ত্র, আরেফিন নগর বর্জ্যাগারের দীর্ঘ বাহুবিশিষ্ট খননযন্ত্র এবং জল-স্থলে চলাচল উপযোগী খননযন্ত্রের বিভিন্ন অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু ৪৬টি প্যাকেজের জন্য সম্ভাব্য মোট ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। আমি আবার বলছি – এইটা আমার কথা না, এইটা বাংলাধারা এবং জনতার কথার রিপোর্টে আসা অভিযোগ। এখন সত্য খবরটা শুনেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চসিক। এইটাই তো আমরা চাই! ডা. শাহাদাত হোসেনের জিরো টলারেন্স নীতি এটাই! তদন্ত কমিটি গঠন হয়েছে, এখন প্রতিবেদন চাই!

তাই আমি আজ বীর চট্টলা টিভি থেকে ডা. শাহাদাত হোসেনের কাছে ৩টা দাবি জানাচ্ছি

১ নম্বর দাবি: তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ করেন। ২৭৪৩৬২ চেসিস নম্বরের গাড়ির কাজ কেন দুইবার এলো, ৩৬টি গাড়ির যন্ত্রাংশ আর ২৬টি গাড়ির যন্ত্রাংশ – এই দুইটা কি একই গাড়ি? এই হিসাব জনগণকে জানান।

২ নম্বর দাবি: ৪৬টি প্যাকেজের মোট ব্যয়ের হিসাব প্রকাশ করেন। জনগণের টাকা, জনগণ জানবে কত টাকা খরচ হচ্ছে।

৩ নম্বর দাবি:  তদন্তে যদি অনিয়ম প্রমাণিত হয়, তাহলে বিভাগীয় শাস্তি থেকে শুরু করে চাকরি থেকে অপসারণ পর্যন্ত – সর্বোচ্চ ব্যবস্থা নেন। কারণ, ময়লার গাড়ি মেরামতের টাকা মানে চট্টগ্রামের মানুষের ট্যাক্সের টাকা। এই টাকা নিয়ে হরিলুট চলতে পারে না।

আমি ডা. শাহাদাত হোসেনকে বলছি, আপনি যেভাবে গরীবউল্লাহ শাহ মাজারে গিয়ে নিজে ডেকচি গুণে দেখিয়েছেন, সেভাবে এই ৪৬টি গাড়ির দরপত্রের হিসাবটাও আপনি নিজে দেখেন। আপনি দেখলে চট্টগ্রামের মানুষ বিশ্বাস করবে। আমরা দুর্নীতিকে না বলি! আমরা হরিলুটকে না বলি! আমরা চট্টগ্রামকে বাঁচাই!

এস এম গিয়াস উদ্দিন সম্রাট, বীর চট্টলা টিভি।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram