এমপি পদ হারাচ্ছেন আমির হামজা? হলফনামা বনাম আয়কর রিটার্নে ৬৮ লাখ টাকার গরমিলের অভিযোগ! ইসিতে আবেদন, এখনো তদন্ত শুরু হয়নি!

আজ আমি আপনাদের সামনে মুফতি আমির হামজাকে নিয়ে যে খবরটা ঘুরছে, সেই খবরের ভিতরের আসল ডাটা তুলে ধরবো। আমি কাউকে দোষী বলতে আসি নাই, আমি সত্য প্রচার করতে এসেছি। ঘটনাটা হলো ৩ নভেম্বর মঙ্গলবার ২০২৬, বিকেলে নির্বাচন কমিশনে, আগারগাঁওয়ে, প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটা লিখিত আবেদন জমা দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের ভোটার মো. সিরাজুল ইসলাম। তিনি কে? তিনি কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম আব্দালপুর এলাকার মরহুম আলী হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২০০৯-১০ মেয়াদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি আবেদনে কি বলেছেন? তিনি বলেছেন – কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে তথ্যের অসঙ্গতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আছে।

এই ডাটাগুলো আবেদনকারীর দাবি অনুযায়ী

১ নম্বর ডাটা: ব্যাংক ব্যালেন্স: আবেদনকারীর দাবি, ২০২৫ সালের ৩০ জুন তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কুষ্টিয়া শাখায় আমির হামজার একটি হিসাবে ৬৮ লাখ ২৬ হাজার ৯৯৭ টাকা ছিল। অথচ আয়কর রিটার্নে ব্যাংক ব্যালেন্স শূন্য দেখানো হয়েছে। আর নির্বাচনী হলফনামায় ওই ব্যাংকের নাম ও হিসাব নম্বর উল্লেখ করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

২ নম্বর ডাটা: নগদ টাকা: নির্বাচনী হলফনামায় নগদ টাকা দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। আর আয়কর রিটার্নে দেখানো হয়েছে ৩৮ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। পার্থক্য হলো ৩৬ লাখ টাকা।

৩ নম্বর ডাটা: আয়ের উৎস: আবেদনকারীর দাবি, আমির হামজা প্রতি জুমার নামাজে আদ-দ্বীন হাসপাতাল থেকে ১ লাখ টাকা সম্মানী পান, আর প্রতিটি ওয়াজ মাহফিলে ৩ লাখ থেকে ৫ লাখ টাকা পান। কিন্তু আয়কর রিটার্নে তার বার্ষিক আয় দেখানো হয়েছে মাত্র ৮ লাখ ৬১ হাজার টাকা, যার পুরোটাই হামজা এন্টারপ্রাইজের কাপড় ও বইয়ের ব্যবসা থেকে।

৪ নম্বর ডাটা: স্ত্রীর সম্পদ: তার স্ত্রী তামান্না সুলতানার কৃষি জমি নির্বাচনী হলফনামায় দেখানো হয়েছে ১৯.৮ শতাংশ, মূল্য ২ লাখ টাকা। আর আয়কর রিটার্নে দেখানো হয়েছে ১২০ শতাংশ, মূল্য ১৭ লাখ টাকা বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে চুয়াডাঙ্গায় কেনা ১৭.১১ শতাংশ প্লটের তথ্য হলফনামায় দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

৫ নম্বর ডাটা: প্লট ও গাড়ি: কুষ্টিয়া শহরের রহিনী মৌজায় ২০১৪ সালে তার নামে কেনা ৫.৪১ শতাংশ আবাসিক প্লটের তথ্য হলফনামায় দেওয়া হয়নি বলে অভিযোগ। আর হলফনামায় ঢাকা মেট্রো-ঘ-১৯-১৭৫৭ নম্বরের গাড়ির মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা দেখানো হলেও তা আয়কর রিটার্নে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ।

৬ নম্বর ডাটা: নির্বাচনী ব্যয়: আবেদনকারীর দাবি, ২০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৩৪ লাখ টাকা খরচ, আর ১০ ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা ব্যাংক হিসাব থেকে নগদ ৩৮ লাখ টাকা উত্তোলন – মোট ৭২ লাখ টাকা, যা নির্ধারিত সীমার চেয়ে বেশি।

আবেদনকারী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯১(৫) ধারা অনুযায়ী নিরপেক্ষ ও আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ৯১(২) ধারা অনুযায়ী প্রার্থিতা অবৈধ ঘোষণা, নির্বাচন বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার আবেদন করেছেন। আবেদনের সঙ্গে হলফনামা, আয়কর রিটার্ন, স্ত্রীর কর-সংক্রান্ত কাগজ, গাড়ির নিবন্ধন ও সম্পত্তির দলিলের অনুলিপি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ আছে।

আমির হামজার বক্তব্য কি? এই অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে বিভিন্ন পত্রিকা লিখেছে। আর জামায়াতের কুষ্টিয়া জেলা ইউনিটের সেক্রেটারি এনামুল হক দাবি করেছেন – মনোনয়ন ঘোষণার পর থেকে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেছেন, তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে বক্তব্য বিকৃত করা বা বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে ছড়ানো সম্ভব।

আমি এইখানে আরেকটা কথা পরিষ্কার করি। ৫ নভেম্বর ফেসবুকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান একটি অডিও-ভিডিও নিয়ে পোস্ট করেছেন বলে একটা রিপোর্টে বলা হয়েছে। কিন্তু সেই অডিও-র ফরেনসিক সত্যতা, সেই অডিও আসলেই আমির হামজার কিনা – এইটা এখনো কোনো নিরপেক্ষ সংস্থা যাচাই করে বলে নাই। তাই আমি এই বিষয়টাকে সত্য বলে প্রচার করবো না। আমি বলবো – “এইটা অভিযোগ, এইটা এখনো যাচাই হয়নি।”

তাই আমার প্রশ্ন হলো – একজন আলেম যদি ভুল করেন, তাহলে কি তাকে তদন্তের বাইরে রাখতে হবে? না, ইসলাম বলে – সবার জন্য একই আইন। আবার একজন আলেমের বিরুদ্ধে অভিযোগ উঠলেই কি তাকে অপরাধী বলতে হবে? না, ইসলাম বলে – প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যাবে না।

আমরা দাবি জানাচ্ছি –

১. নির্বাচন কমিশন এনবিআর, বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট ব্যাংক, বিআরটিএ এবং ভূমি অফিসের নথি যাচাই করে নিরপেক্ষ তদন্ত করুক।

২. আমির হামজাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হোক। তিনি তার হলফনামা আর আয়কর রিটার্নের গরমিলের ব্যাখ্যা দিক।

৩. তদন্তে যদি অভিযোগ মিথ্যা হয়, তাহলে আবেদনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর যদি অভিযোগ সত্য হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কারণ, আমরা আলেমকে সম্মান করি, কিন্তু আমরা আইনকেও সম্মান করি। আমরা সত্যকে বাঁচাই!

এস এম গিয়াস উদ্দিন সম্রাট, বীর চট্টলা টিভি।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram