
নিজস্ব প্রতিবেদন।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। স্থানীয় সময় আজ দুপুর ১২টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে আন্তালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হতে পারে।
এর আগে আজ সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী
আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে কপ-৩১ সম্মেলন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানিয়েছেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। তাঁর আশা, এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে।
জলবায়ু ন্যায়বিচার ও অর্থায়নে গুরুত্ব দেবে বাংলাদেশ
পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। এ ধরনের ক্ষয়ক্ষতির হিসাব আন্তর্জাতিক পরিসরে উপস্থাপন করা বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।
সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য তুলে ধরার পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা বিনিময় করা হবে।
কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্ট আয়োজন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি বাংলাদেশের নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের বিশেষ ঝুঁকি নিয়ে। অন্যটি কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
২১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে।
প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজি বিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ এ সম্মেলনে অংশ নেয়। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।
প্রধানমন্ত্রীর আগামী শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে।