“সংবিধান দিয়েছে ক্ষমতা, বাস্তবে দিয়েছে জট! ঢাকা পায় বাজেট, চট্টগ্রাম পায় বাধা! রেলওয়ে-সিডিএ-ওয়াসা-বন্দরের জটে আটকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন!”

 

চট্টগ্রামে অনুষ্ঠিত কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন – বাংলাদেশ চ্যাপ্টারের সেমিনারে একটি প্রশ্ন সামনে এসেছে – চট্টগ্রাম যদি বাংলাদেশের ইকোনমিক গেটওয়ে ও লাইফলাইন হয়, তাহলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কেন ঢাকা সিটি কর্পোরেশনের মতো করে দেখা হয় না?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বীর চট্টলা টিভির অনুসন্ধানে উঠে এসেছে সংবিধান, বাজেট এবং প্রাতিষ্ঠানিক জটের তিনটি চিত্র।

প্রথম চিত্র – সংবিধান কী বলে?

বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৫৯ (১)-এ বলা হয়েছে – “প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার আইনানুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের ওপর প্রদান করা হইবে।”

অনুচ্ছেদ ৫৯ (২)-এ বলা হয়েছে – এই প্রতিষ্ঠানগুলো প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, জনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করবে।

অনুচ্ছেদ ৬০-এ বলা হয়েছে – সংসদ আইন করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ, বাজেট প্রণয়ন এবং তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা দিবে।

অর্থাৎ সংবিধান অনুযায়ী একজন মেয়র বা প্রশাসক শুধু রাস্তা ঝাড়ু দেওয়ার লোক নন। তিনি স্থানীয় শাসনের প্রধান। স্থানীয় পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী তার তত্ত্বাবধানে কাজ করার কথা।

কিন্তু বাস্তবে কি হচ্ছে?

দ্বিতীয় চিত্র – বাজেট ও দেনার চিত্র

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। এর মধ্যে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্য ১ হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা এবং উন্নয়ন অনুদান হিসেবে আশা করা হচ্ছে ৯৭৫ কোটি টাকা।

ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৩ নভেম্বর, ৫৯৬ কোটি টাকা দেনা নিয়ে। বর্তমানে তা কমে ৩৮০ কোটি টাকায় নেমে এসেছে।

ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ১৪০ কোটি টাকা পৌরকর আদায় সম্ভব হয়েছে।

এছাড়া চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ এবং ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অথচ চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছে – বন্দরের ২০ থেকে ৩৫ টন ওজনের ট্রাক ১০ টনের রাস্তা দিয়ে চলার কারণে প্রতি বছর অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ কোটি টাকা রাস্তা মেরামতে খরচ করতে হচ্ছে।

প্রশ্ন হচ্ছে – চট্টগ্রাম বন্দর থেকে সরকার হাজার হাজার কোটি টাকা রাজস্ব পায়, চট্টগ্রাম কাস্টমস থেকে রাজস্ব পায়, কিন্তু যে শহর এই রাজস্বের জন্ম দেয়, সেই শহরের রাস্তা মেরামতের টাকা কে দেবে?

ঢাকা সিটি কর্পোরেশনকে যেভাবে মেগা প্রকল্প, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সাজানো হচ্ছে, চট্টগ্রামকে সেভাবে দেখা হচ্ছে না – এই অভিযোগ এখন চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পপতি ও সাধারণ মানুষের মুখে মুখে।

তৃতীয় চিত্র – সবচেয়ে বড় বাধা: জমির জট

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন যেখানেই উন্নয়ন করতে যান, সেখানেই শুনতে হয় – “এটা আমাদের জায়গা।”

রেলওয়ে বলে – এটা রেলের জায়গা।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বলে – এটা সিডিএর জায়গা।
ওয়াসা বলে – এটা ওয়াসার জায়গা।
বন্দর বলে – এটা বন্দরের জায়গা।
সড়ক ও জনপথ বলে – এটা তাদের জায়গা।

উদাহরণ হিসেবে দেখা যায় – হকার পুনর্বাসনের জন্য রেলওয়ে স্টেশনের পাশে খালি জায়গা চাইলে রেলওয়ের অনুমতি লাগে। ইপিজেড, আগ্রাবাদ, বহদ্দারহাট, স্টেশন রোডে আন্ডারগ্রাউন্ড মার্কেট করতে গেলেও একাধিক সংস্থার অনুমতি লাগে।

এমনকি সল্টগোলা ক্রসিংয়ে রেলের জায়গা বন্দরের জায়গা বলে দাবি করে দখলের অভিযোগ পর্যন্ত উঠেছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে – রেলের জায়গা বন্দর কীভাবে লিজ দেয়?

এই জটের কারণে একজন প্রশাসক সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার আটকে যাচ্ছেন।

তাহলে সমাধান কী?

বীর চট্টলা টিভির পক্ষ থেকে সরকারের কাছে ৩ দফা প্রস্তাব:

১. সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদ অনুযায়ী চট্টগ্রাম মহানগরে একটি একক সমন্বয় কর্তৃপক্ষ গঠন করা হোক, যার প্রধান হবেন সিটি কর্পোরেশনের প্রশাসক। রেলওয়ে, সিডিএ, ওয়াসা, বন্দর – কেউ তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে না, সহযোগিতা করতে বাধ্য থাকবে।

২. চট্টগ্রাম থেকে আদায়কৃত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ – যেমন বন্দর ও কাস্টমস রাজস্বের ১০% – সরাসরি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন তহবিলে দেওয়া হোক। ঢাকার মতো চট্টগ্রামকেও মেগা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হোক।

৩. জাইকার মতো আন্তর্জাতিক সংস্থা চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১২০ কোটি টাকার অনুদান দেওয়ার কথা ভাবছে। এই ধরনের সহযোগিতা যাতে ফাইলবন্দি না হয়, সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে।

ডা. শাহাদাত হোসেন একজন চিকিৎসক, একজন প্রশাসক। তিনি চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি করতে চান। কিন্তু তাকে যদি প্রতিটি কাজের জন্য ৫টি সংস্থার কাছে হাত পাততে হয়, তাহলে তিনি কাজ করবেন কীভাবে?

সরকারকে বলছি – ডা. শাহাদাতকে ক্ষমতা দিন, সহযোগিতা দিন। চট্টগ্রামকে তার প্রাপ্য দিন। চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

বীর চট্টলা টিভি,সত্যের সন্ধানে নির্ভীক

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

“চট্টগ্রামে কাস্টমসের ভিতরে আরেক কাস্টমস! এইচএস কোড ভুল দেখিয়ে কোটি টাকা দাবি! সিএন্ডএফ ব্যবসায়ীরা বলছেন – ম্যানেজ না করলে হয়রানির শেষ নাই! বীর চট্টলা টিভির হাতে অডিও রেকর্ডিং!” (পার্ট-০১)