ফেসবুকে প্রতারক চ’ক্রের অভিনব ফাঁ’দ, বিদেশে থাকা ধনীর সম্পত্তির লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক:  কবির হোসেন রাকিব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুয়া আইডি থেকে লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। সম্প্রতি কমলনগর ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন অনেকে বলে অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি খুলে টার্গেট করা ব্যক্তিদের ইনবক্সে মেসেজ পাঠিয়ে যোগাযোগ শুরু করে। এরপর বিশ্বাস অর্জনের জন্য তারা শোনায় নানা কাল্পনিক ও লোভনীয় গল্প।

প্রতারকদের দাবি, বিদেশে বা প্রবাসে বসবাসকারী কোনো ধনী ব্যক্তি—যেমন আমেরিকাপ্রবাসী হারুন কিংবা অন্য কোনো ব্যক্তি—সপরিবারে মারা গেছেন। মৃত্যুর আগে ওই ব্যক্তি ব্যাংক বা বিমায় বিপুল পরিমাণ অর্থ এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি রেখে গেছেন। কিন্তু বাংলাদেশে তাঁর কোনো উত্তরাধিকারী নেই।

এ অবস্থায় প্রতারকরা ভুক্তভোগীদের প্রস্তাব দেয়, তাদের সহযোগিতা করলে এবং আইনি খরচ বা প্রসেসিং ফি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠালে ওই সম্পত্তি কিংবা বিমার অর্থের অর্ধেক দেওয়া হবে।

অল্প পরিশ্রমে বিপুল অর্থ পাওয়ার আশায় অনেকেই প্রতারকদের এমন প্রলোভনে আকৃষ্ট হচ্ছেন। প্রথমে সামান্য অর্থ দাবি করলেও পরবর্তী সময়ে নানা অজুহাতে ধাপে ধাপে আরও টাকা আদায় করে চক্রটি। একপর্যায়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি প্রতারণার শিকার ব্যক্তিরা পড়ছেন চরম বিপাকে।

সচেতন মহলের মতে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অস্বাভাবিক আর্থিক প্রস্তাব এলে তা গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলা উচিত। বিশেষ করে বিদেশে থাকা কোনো ব্যক্তির উত্তরাধিকার, ব্যাংক হিসাব, বিমা কিংবা বিপুল সম্পত্তির অংশীদার হওয়ার প্রস্তাবের ক্ষেত্রে যথাযথ আইনি যাচাই ছাড়া কোনো অর্থ লেনদেন করা উচিত নয়।

এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে অপরিচিত আইডির সঙ্গে আর্থিক লেনদেন না করা, ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, পাসওয়ার্ড কিংবা ওটিপি শেয়ার না করা এবং সন্দেহজনক আইডি শনাক্ত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিক ও সংবাদকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার কৌশল দিন দিন পরিবর্তিত হচ্ছে। তাই শুধু প্রযুক্তির ব্যবহার জানলেই হবে না, অনলাইন নিরাপত্তা ও প্রতারণার ধরন সম্পর্কেও সচেতন হতে হবে। অন্যথায় সামান্য লোভের ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন সাধারণ মানুষ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram