
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অনুমতি ছাড়া বিদেশে অবস্থান এবং ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। অন্যদিকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এবং প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে নোটিশ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে উপস্থিত হয়ে তাঁদের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালা অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে।
এদিকে, অধ্যাপক মুশফিকুর রহমান ও প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে তাঁদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী সময়ে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রের দাবি, সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল এক বছরের শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ না দিয়ে বিদেশে অবস্থান করছেন। অন্যদিকে, আইন বিভাগের শিক্ষক দম্পতি আজহার উদ্দিন ভূঁইয়া ও শাহরিমা তানজিন অর্নিও ছুটির মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরেননি। এ ছাড়া অধ্যাপক মুশফিকুর রহমান স্বল্পমেয়াদি ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর নির্ধারিত সময়ে দেশে ফিরে কর্মস্থলে যোগ দেননি বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রবিধান অনুযায়ী, ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান এবং বিদেশে অবস্থানের ক্ষেত্রে যথাযথ প্রশাসনিক অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এসব নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে সাময়িক কিংবা চূড়ান্ত চাকরিচ্যুতিসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
চার শিক্ষকের বিরুদ্ধে নেওয়া এই পদক্ষেপের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা ও চাকরিবিধি প্রতিপালনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।