
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের (সিএমটিএফ) উদ্যোগে বন্দরনগরী চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটন সম্মেলন ‘২য় এমভিটি সামিট ২০২৬’। গত শনিবার (১৪ নভেম্বর) নগরীর অভিজাত হোটেল দ্য পেনিনসুলায় অনুষ্ঠিত এ সম্মেলনের সমাপনী ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী, ডেইলি মর্নিং টুডের ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ শাহীন এবং দৈনিক ইনফো বাংলার সহযোগী সম্পাদক দিদারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের এ সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মো. আজিম আলী বন্দরনগরী চট্টগ্রামে মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসা পর্যটন খাতের বিকাশে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এর আগে সম্মেলনস্থলে পৌঁছে প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের স্বাস্থ্যবিষয়ক অনলাইন নিউজ পোর্টাল ‘হেলথ টক বিডি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে উদ্বোধন উদ্যাপন করা হয়।
সমাপনী পর্বে ফোরামের সভাপতি আব্দুল আলিম রাজু সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়ক) দাঊদ আরমান।
এর আগে একই দিন দুপুরে হোটেল দ্য পেনিনসুলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘২য় এমভিটি সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
উল্লেখ্য, আন্তর্জাতিক এ সামিটে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনব্যাপী সম্মেলনে ‘ডক্টরস টক’ সেশন এবং ব্যবসায়িক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিটুবি (B2B) বৈঠকের আয়োজন করা হয়।
সম্মেলনের টাইটেল স্পন্সর ছিল ভারতের স্টার হাসপাতাল এবং গোল্ড স্পন্সর ছিল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল। এ ছাড়া অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে।
চিকিৎসা পর্যটন খাতে আন্তর্জাতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের স্বাস্থ্যসেবার সম্ভাবনা তুলে ধরার ক্ষেত্রে এ সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।