
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের আচরণ ও কর্মকাণ্ড সংশোধনের কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সরকার অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিয়ে বর্তমান সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোলার লালমোহন উপজেলা পরিষদে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্পিকার বলেন, “ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বলছি, আপনারা নিজেদের সংশোধন করুন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজ দলের নেতাকর্মীদের অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার প্রশ্নে আপসহীন থেকে অন্যায়ের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিয়ে নজির স্থাপন করেছেন।”
অপরাধের অভিযোগে কঠোর পদক্ষেপের উদাহরণ
সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার উদাহরণ তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ঢাকায় একটি হাসপাতাল দখলের অভিযোগ ওঠার পর এক নারী সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে স্পিকার বলেন, ইশরাক হোসেন ভালো কাজ করতে চেয়েছিলেন। মাদকসেবী ও দুর্বৃত্তদের দমন করতেই তিনি অভিযানে গিয়েছিলেন। তবে একজন প্রতিমন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ—কোনো ধরনের অস্ত্রই মানানসই নয়। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান স্পিকার।
ত্রাণ বিতরণে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি
ত্রাণ বিতরণে অনিয়ম এবং চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্পিকার বলেন, সম্প্রতি বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে চালের বস্তা ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও পুলিশ বাহিনীকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন তিনি। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন। পাশাপাশি প্রকৃত জেলেদের বাইরে অন্য কেউ যেন জেলেদের জন্য বরাদ্দ চাল না পায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সতর্কবার্তা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের আচরণ সম্পর্কে সতর্ক করে স্পিকার বলেন, নির্বাচন এলে অনেকেই সাধু-সন্ত সাজার চেষ্টা করেন। তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো, ভোটাধিকার থাকায় মানুষ নির্যাতন-অত্যাচার থেকে রেহাই পাওয়ার সুযোগ পায়।
এলাকায় চাঁদাবাজি কমে এসেছে উল্লেখ করে তিনি সাধারণ মানুষকে যেকোনো অনিয়মের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। কোথাও অন্যায়, চাঁদাবাজি কিংবা অনিয়মের ঘটনা ঘটলে তা সরাসরি তাঁকে জানানোরও অনুরোধ করেন তিনি।
স্পিকারের বক্তব্যে দলীয় নেতাকর্মীদের আচরণ সংশোধন, আইনশৃঙ্খলা রক্ষা, ত্রাণ বিতরণে স্বচ্ছতা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়গুলো গুরুত্ব পায়।