![]()
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুর সুবাহান (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শওকত গ্রুপের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি-৭। অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তক্তারপুল এলাকায় ভিকটিম আব্দুর সুবাহানের বাড়ির সামনে গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা এবং এলাকার আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর তক্তারপুল এলাকায় বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি-৭ যৌথ অভিযান পরিচালনা করে আমির হোসেন ওরফে বুলেট (২৩) এবং মোমেনা বেগম (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করে।
এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা এবং একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত আব্দুর সুবাহানের বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মোট ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।