
লক্ষ্মীপুর প্রতিনিধি | কবির হোসেন রাকিব
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে বৃদ্ধ আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগম রয়েছেন। তাঁদের মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও চালক গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় অন্তত ১৫ জন হাসপাতালে এসেছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।