
চট্টগ্রামের সীতাকুণ্ডে চাঞ্চল্যকর মো. মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনিকে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। গত ১১ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে জেলার ফটিকছড়ি থানাধীন সমিতির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রামের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীতাকুণ্ড থানার হত্যা মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনি ফটিকছড়ি এলাকায় অবস্থান করছেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন প্রকাশ রনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মালি হক।
পুলিশের তথ্য অনুযায়ী, সীতাকুণ্ড থানার মামলা নম্বর ৫০/৪৮৫, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬। মামলাটিতে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তী সময়ে মামলায় ৩০২ ধারা সংযোজন করা হয়।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।