
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন আই-ব্লক এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য পরিষদের বাংলাদেশ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম ওরফে রুবেলকে (৩৭) গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ।
পুলিশ জানায়, ১৭ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল-এর নেতৃত্বে পুলিশের একটি দল আই-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. শহিদুল ইসলাম ওরফে রুবেল ফেনী জেলার সদর থানার দক্ষিণ ফরহাদনগর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের জালালাবাদ হাউজিং সোসাইটির এসএইচ হিল ভিউ এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, রুবেল দীর্ঘদিন ধরে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে একটি টেলিগ্রাম গ্রুপ এবং ‘চট্টগ্রাম দক্ষিণ, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘চট্টগ্রাম উত্তর, শেখ হাসিনা ঐক্য পরিষদ’, ‘ফেনী জেলা-শেখ হাসিনা ঐক্য পরিষদ’সহ ১০-১৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি ‘Mohammad Sahidul Islam’ নামের ফেসবুক আইডির মাধ্যমে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া হালিশহর থানাসহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় সরকারবিরোধী মিছিল-মিটিংয়ে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আগের দুই মামলার তথ্য
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানায়, মো. শহিদুল ইসলাম ওরফে রুবেলের বিরুদ্ধে হালিশহর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে।
এর মধ্যে হালিশহর থানার এফআইআর নং-৪, তারিখ ৮ মে ২০২৬; জিআর নং-২৬৬, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)/৪/৬/১০/১১/১৩ ধারায় মামলা রয়েছে।
অন্যটি হালিশহর থানার এফআইআর নং-৭, তারিখ ৮ মার্চ ২০২৬; জিআর নং-২৮, একই আইনের ৬(১)/৮/১০/১২/১৩ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।