
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশ মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া অভিযানে আটক ৮ জন মাদকাসক্তকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরও বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, পূর্বের একটি মামলায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তাকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কমলনগর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।