
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মনির হোসেন (৩৮)। ২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি ফেসবুক, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় একটি ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হয়। এতে কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১৬ নম্বর সতীশ বাবুর লেইনে মজিবুর রহমানের ৬ষ্ঠ তলা ভবনের সামনে পাকা সড়কে এক অজ্ঞাতনামা অটোরিকশাযাত্রীকে গতিরোধ করে তিন ছিনতাইকারী। পরে ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায় তারা।
ঘটনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এবং এসি কোতোয়ালী জোনের সার্বিক দিকনির্দেশনায় ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার মনির হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সঙ্গে জড়িত আরও দুই সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করেন তিনি।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে মনির হোসেন জানান, তিনি ও তার পলাতক দুই সহযোগী ১৯ সেপ্টেম্বর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পাথরঘাটার ১৬ নম্বর সতীশ বাবুর লেইনে মজিবুর রহমানের ৬ষ্ঠ তলা ভবনের সামনে যান। সেখানে এক অজ্ঞাতনামা অটোরিকশাযাত্রীকে গতিরোধ করে ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেন।
গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর-৩৮, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।