
স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী সরকারের সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে সৃষ্ট যানজট নিরসন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন (ইসি) যে সম্ভাব্য নির্বাচনী সূচি দিয়েছে, সেটি এখনো চূড়ান্ত নয়। বিষয়টি গণমাধ্যমে কিছুটা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ নির্বাচন আয়োজন ইসির দায়িত্ব। আর স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় সরকার আইন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্থানীয় সরকার আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ও সমন্বয়ের বিষয়টি রয়েছে। ইসি একটি সম্ভাব্য সূচি দিয়েছে, তবে সম্ভাব্য তারিখকে চূড়ান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
তিনি আরও জানান, নির্বাচন কমিশন আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত নিয়েছে। ওই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত থাকবেন। সভায় নেওয়া সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে নির্বাচনের তফসিল সাজাবে নির্বাচন কমিশন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সে পর্যন্ত তো আমরা অপেক্ষা করি।”
এদিকে সচিবালয়ের সভায় ঢাকা শহরের চলমান উন্নয়নকাজের সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমন্বয় নিশ্চিত করা জরুরি। একটি সংস্থা রাস্তা খোঁড়ার পর অন্য সংস্থা যেন আবার একই স্থানে খোঁড়াখুঁড়ি না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।
এর ফলে নগরবাসীর ভোগান্তি কমবে উল্লেখ করে তিনি বলেন, চলমান উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমে অপ্রয়োজনীয় খোঁড়াখুঁড়ি এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, উন্নয়নকাজের সমন্বয় নিয়ে ১৫ দিন পর আবারও সংশ্লিষ্টদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে।