একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে বিড়ম্বনা হবে না: শিক্ষামন্ত্রী

কুমিল্লা: একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে এবার কোনো বিড়ম্বনা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার তুলনামূলক কম। ফলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর আসন খালি থাকবে। তাই একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হবে না।

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে আনন্দময় ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে। এ জন্য শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। দেশের বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা—এই চার অঞ্চলের তিন শতাধিক সেরা খেলোয়াড় চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram