
এমপিওভুক্ত শিক্ষকদের এনটিআরসিএ (NTRCA)-সংক্রান্ত বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি বর্তমানে প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে। কিন্তু আলোচনার কিছু অংশ কেটে পত্রিকায় প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ৭৭ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিয়োগের পদ্ধতি নির্ধারণ করা হবে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হবে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল শূন্য থাকবে—এমন পরিস্থিতি মেনে নেওয়া হবে না। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করবে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে। গত ২০ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা আরও পিছিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে শিক্ষক সংকটও ভয়াবহ আকার ধারণ করেছে।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, ফলাফলে ড্রপ হয়েছে—এভাবে বিষয়টি বলা ঠিক হবে না। প্রশ্ন রেখে তিনি বলেন, জোর করে কি ফল ভালো করানো যায়? জোর করে কি শিক্ষার্থীদের পাস করানো যায়?
তিনি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করার আহ্বান জানান। যাচাই না করে বিভিন্ন সংবাদ বা বক্তব্যের ভিত্তিতে শিক্ষার্থীদের আন্দোলন কিংবা উসকানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি।