নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার, সত্যিই কি দেশে ফিরবেন নাকি রাজনৈতিক কৌশল?

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। আগামী মাসে দেশে ফেরার কথা জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন তিনি। তবে তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে ঢাকা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ২০২৫ সালে ২০২৪ সালের আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আলজাজিরাকে বলেন, হাজার হাজার মানুষ হত্যার দায়ে অভিযুক্ত হয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে কাজ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে।

তার ভাষায়, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

কিন্তু প্রশ্ন উঠেছে, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার পেছনে শেখ হাসিনার প্রকৃত উদ্দেশ্য কী? তিনি কি সত্যিই দেশে ফিরতে চান, নাকি এর মাধ্যমে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার নতুন কৌশল নিয়েছেন?

নিজের পরিণতি জানেন শেখ হাসিনা, বলছেন বিশ্লেষকেরা

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যে তার প্রত্যাবর্তনের বিষয়টি নতুন জটিলতা তৈরি করতে পারে।

তবে ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান মনে করেন, পাসপোর্টের আবেদন দেশে ফেরার তাৎক্ষণিক পরিকল্পনার চেয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার কৌশল বেশি।

তার মতে, এর মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর নিজের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ ধরে রাখতে চাইছেন।

জিল্লুর রহমান বলেন, ‘আমার মনে হয়, নিজের পরিণতি তিনি জানেন। কিন্তু তিনি চান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন রাজনৈতিকভাবে সক্রিয় থাকেন।’

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই শেখ হাসিনা দলের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দিতে চান না। বিষয়টি তার নিজের এবং দলের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে একসময় উপমিশনপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই।

আলজাজিরাকে তিনি বলেন, ‘ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা একেবারেই নেই।’

তার মতে, সমর্থকদের উজ্জীবিত করা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে ক্রমেই গুরুত্ব হারানোর বিষয়টি থেকে মানুষের দৃষ্টি সরাতেই এমন ঘোষণা দেওয়া হতে পারে।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহানও মনে করেন, শেখ হাসিনার এই ঘোষণার মূল উদ্দেশ্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল চাঙা রাখা।

তিনি বলেন, এই ঘোষণা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক রাখছে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ তৈরি করছে। তবে বাস্তবে তার দেশে ফেরা অত্যন্ত কঠিন। কারণ, দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ড কার্যকর অথবা দীর্ঘমেয়াদি কারাবাসের মুখোমুখি হতে হতে পারে।

ভারতে অবস্থান নিয়ে বাড়ছে কূটনৈতিক হিসাব-নিকাশ

শেখ হাসিনার ভবিষ্যৎ অনেকাংশেই ভারতের অবস্থানের ওপর নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রকে আশ্রয় দেওয়ার বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশের অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে।

নয়াদিল্লির ও পি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, ভারত শেখ হাসিনাকে দীর্ঘদিনের বন্ধু হিসেবে বিবেচনা করে। তার ভারতে অবস্থানের বিষয়টি থেকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আলাদা করে দেখার চেষ্টা করছে নয়াদিল্লি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতের খুব ভালো বন্ধু। নয়াদিল্লি তাকে এমন একজন বন্ধু হিসেবে দেখে, যাকে তারা সব সময় সমর্থন করবে।’

তবে সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচের মতে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে যে কূটনৈতিক জটিলতা তৈরি হচ্ছে, তা ভারতও বুঝতে পারছে।

তার ধারণা, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিবর্তে অন্য কোনো তৃতীয় দেশে বসবাসের ব্যবস্থা করার বিষয়টিও ভারতের বিবেচনায় থাকতে পারে।

অন্যদিকে জিল্লুর রহমান মনে করেন, কূটনৈতিক জটিলতা থাকা সত্ত্বেও ভারত শেখ হাসিনাকে পুরোপুরি ছেড়ে দিতে পারবে না। তবে তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠায় ভারত সহায়তা করবে, এমন সম্ভাবনাও তিনি দেখছেন না।

অধ্যাপক শ্রীরাধা দত্তের মতে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুব শিগগির স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভাবনা কম।

বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা কি সম্ভব?

শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ক্ষমতাসীন বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক সমঝোতা হতে পারে কি না।

বর্তমানে বিএনপির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনার শাসনামলে তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন।

বিশ্লেষকদের মতে, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা অত্যন্ত সীমিত।

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহান এ ধরনের সমঝোতার ধারণাকে শুরুতেই বাতিল হওয়ার মতো প্রস্তাব বলে উল্লেখ করেছেন।

তার মতে, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করলে বিএনপির রাজনৈতিক লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। কারণ, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ সময় ধরে বিএনপির নেতা-কর্মীরা কারাবন্দি, হয়রানি ও রাজনৈতিক চাপের মুখে ছিলেন। ফলে আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিতও বিএনপির সমর্থকদের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হাসিনা যদি মনে করেন, দেশে ফিরে আবারও ফ্যাসিবাদ কায়েম করে নিজের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন, তাহলে তিনি নিজেকেই বিভ্রান্ত করছেন।’

ফয়েজ সোবহানের মতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বাইরে গিয়ে শেখ হাসিনার বিষয়ে কোনো রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সুযোগ বিএনপি সরকারের জন্য সীমিত।

তিনি আরও বলেন, জবাবদিহি কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়া রাজনৈতিক পুনর্মিলনের সম্ভাবনা কল্পনা করাও কঠিন।

প্রত্যর্পণই কি দেশে ফেরার একমাত্র পথ?

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি কেবল তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া, ভারতের কূটনৈতিক অবস্থান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক।

ফয়েজ সোবহানের ভাষায়, ‘এটি নিজে থেকে দেশে ফিরে আসার বিষয় নয়; বরং তাকে ধরে দেশে ফিরিয়ে আনার বিষয়।’

সব মিলিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক আলোচনা আরও জোরালো হয়েছে। তবে তিনি সত্যিই দেশে ফিরবেন, নাকি ভারত থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব বজায় রাখার চেষ্টা করবেন—এ প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।

তথ্যসূত্র: আলজাজিরা।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram