
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে শিগগিরই প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকর করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পর জোরপূর্বক ধর্মান্তর রোধে কঠোর আইন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বাঁকুড়ায় এক বৈঠকে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
শুভেন্দু অধিকারী বলেন, ‘এক দেশ, এক আইন’—এই লক্ষ্য বাস্তবায়নে শিগগিরই পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এরপর ধর্মান্তর ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচা নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়ন করা হবে।
তবে জমি কেনাবেচার ক্ষেত্রে ঠিক কী ধরনের বিধিনিষেধ আরোপ করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ধর্মান্তর ও জমি নিয়ে নতুন আইন
ধর্মান্তর ও জমি লেনদেন নিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জোরপূর্বক ধর্মান্তর বন্ধে কঠোর আইন প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি।
বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রেও নতুন আইনি বিধিনিষেধ আরোপের ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে এসব বিধিনিষেধের ধরন ও প্রয়োগের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
কী থাকছে অভিন্ন দেওয়ানি বিধিতে?
প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার সূত্রে হস্তান্তর এবং দত্তক গ্রহণের ক্ষেত্রে একটি অভিন্ন দেওয়ানি কাঠামো চালুর কথা বলা হয়েছে।
এর ফলে এসব বিষয়ে ধর্মভিত্তিক ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি সাধারণ আইন কার্যকর হওয়ার কথা। তবে সংবিধানে যেসব শ্রেণির জন্য বিশেষ ছাড় বা সুরক্ষার ব্যবস্থা রয়েছে, সেগুলো বহাল থাকবে।
সূত্র: দ্য টেলিগ্রাফ