
চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মো. কামাল (২২)-কে কক্সবাজার সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানিক দল।
এসআরবি-৭ চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৩৬, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩০২/৩৪, পেনাল কোড-১৮৬০ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামাল কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছেন।
এর ভিত্তিতে ৬ অক্টোবর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ অভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোড মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামাল (২২)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন ডোবারপাড় জামতলা (সালাম সাহেবের কলোনি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোরাদ।
অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: মোসলেহ উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া), পক্ষে অধিনায়ক।