
চট্টগ্রাম প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় শাশুড়ি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ ইস্রাফিলকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-৯, সিলেটের যৌথ আভিযানিক দল।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ বেলা সাড়ে ১১টার দিকে বায়েজিদ থানাধীন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোডের রংধনু টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ ইস্রাফিল (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নারুই গ্রামের মোঃ শিশু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা একটি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি ইস্রাফিল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকায় অবস্থান করছেন। এর ভিত্তিতে র্যাব-৭ ও র্যাব-৯-এর যৌথ দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ৪৯ নম্বর মামলায় প্রথমে দণ্ডবিধির ৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪ ধারায় অভিযোগ আনা হয়। পরে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজন করা হয়।
গ্রেপ্তারের পর ইস্রাফিলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ।