
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী আবদুর রব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ব্যাচ ফ্রেন্ডস ফোরাম ২০২১’-এর আয়োজনে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ২০২৫ ব্যাচকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ২০২৩ ব্যাচ।
ফাইনাল খেলার উদ্বোধন করেন লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রোমান হাওলাদার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শন করেন। শেষ পর্যন্ত ৫-২ গোলের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ২০২৩ ব্যাচ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবদুর রব হেলাল, আবদুল্লাহ আল বানী সংগ্রাম, রিয়াজ রিজু, কাউছারসহ আরও অনেকে।
আয়োজকেরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করার একটি কার্যকর উদ্যোগ। এমন আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।