
পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, মানসিক চাপ মোকাবিলা এবং মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) মানসিক স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ-২০২৬ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নগরীর লালদীঘিস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সভায় মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলা এবং সুস্থ মানসিক পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এ বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. পঞ্চানন আচার্য, বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা সভায় অংশ নেন।
সভায় পুলিশ সদস্যদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।