
চট্টগ্রাম নগরীর চকবাজারে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে অর্থদণ্ড দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই অভিযানে মালিকানাবিহীন প্রায় ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়েছে। পাশাপাশি গুলজার মোড় এলাকায় অপসারণ করা হয়েছে বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার।
সোমবার (২১ সেপ্টেম্বর) চকবাজারের গুলজার মোড় ও সিরাজদৌলা রোডের প্যারেড কর্ণার এলাকায় এসব অভিযান পরিচালনা করে চসিক।
চসিক সূত্রে জানা যায়, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া নাগরিক অভিযোগের ভিত্তিতে সিরাজদৌলা রোডস্থ প্যারেড কর্ণার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার বিষয়টি শনাক্ত করা হয়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয় এবং মালিকানাবিহীন আনুমানিক ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়।
অন্যদিকে, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে চকবাজারের গুলজার মোড় এলাকায় বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।
চসিক জানিয়েছে, নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখা এবং অনুমোদন ছাড়া পোস্টার-ব্যানার স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নাগরিকদের অভিযোগ দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে পাওয়া অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।
অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।