বায়েজিদে মোটরসাইকেল ছি/ন/তা/ইয়ের ঘটনায় গ্রে/প্তা/র ২, মোটরসাইকেল ও প্রাইভেটকার উদ্ধার।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামের এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে গাজী সারোয়ার শ্রাবন (৩২) ও তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে। তাঁরা একটি সাদা রঙের প্রাইভেটকারে ঘটনাস্থলে এসেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় পেনাল কোডের ৩৮২ ধারায় মামলা করা হয়। মামলাটির নম্বর ৩৫।

এরপর বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর রাত ১টা ১০ মিনিটে পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর রোডের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)।

পুলিশ জানায়, অভিযানে তাঁদের হেফাজত থেকে বাদীর চোরাইকৃত একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram