
নিজস্ব প্রতিবেদক |
পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাধা দেওয়ার ঘটনাকে ন্যক্কারজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ঘটনার রাজনৈতিক পরিণতি সংশ্লিষ্ট দলকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, একজন মানুষের মৃত্যুর পর তাঁর শেষ বিদায় ও দাফন নিয়ে এ ধরনের আচরণ সমাজ কখনোই ভালোভাবে নেয় না। অতীতেও মৃত ব্যক্তির মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ সাধারণ মানুষ সমর্থন করেনি। মৃত্যুর পর একজন মানুষের মর্যাদা রক্ষা করা উচিত উল্লেখ করে তিনি বলেন, মৃত ব্যক্তির বিচার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়া উচিত। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হন, তাঁরা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হন এবং কোনো প্রশংসা পান না।
রাষ্ট্রীয় সম্মান ও দাফনে বাধার অভিযোগ
উল্লেখ্য, গত শনিবার পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানো ও দাফনের সময় জামায়াতের নেতাকর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পুলিশ লাইনসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর গভীর রাতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় বাধার মুখে প্রয়াত মুক্তিযোদ্ধার নারী স্বজনদের নিজেদের হাতে কবর খুঁড়তে বাধ্য হওয়ার অভিযোগও সামনে আসে। ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে।
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের ছাড় নয়
এদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ও বাড়িঘরে ভাঙচুর এবং সাম্প্রদায়িক উগ্রপন্থিদের তৎপরতা প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, এসব অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে এবং কেউই বিচারের বাইরে থাকবে না।
রংপুরের পীরগঞ্জে হিন্দু পরিবারের দোকান ও বাড়িঘরে সাম্প্রতিক লুটপাট ও হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতীতে মব জাস্টিসের নামে কিংবা কাউকে নাস্তিক আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার মতো বর্বরোচিত ঘটনায় জড়িত ব্যক্তি ও উসকানিদাতাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে বলে আশ্বাস দেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার তার দায়িত্ব পালন করছে। সাম্প্রদায়িক সহিংসতা, হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।