নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার ম/র/দেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদন:

ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিফ সাউরি (২৮) নামে বিমানবাহিনীর এক সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর টঙ্গী এলাকার রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে নৌ পুলিশের একটি দল তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের তথ্য অনুযায়ী, অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি সপরিবারে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।

এ বিষয়ে বক্তব্য জানতে তাহসিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram