“SSC তে গণ-ফেইল: জাতি ধ্বংসের ঘণ্টা বাজছে – শিক্ষা বাঁচান, দেশ বাঁচান”

নিজস্ব প্রতিবেদক

এই বছরের SSC রেজাল্ট কোনো রেজাল্ট না। এটা একটা জাতির আত্মহত্যার দলিল।

আমরা গর্ব করে বলি “জনসংখ্যা আমাদের শক্তি”। কিন্তু সেই শক্তিকেই যদি আমরা অশিক্ষিত, অন্ধকার, মোবাইল-আসক্ত করে তুলি, তাহলে সেই শক্তিই একদিন আমাদের গলায় ফাঁস হয়ে দাঁড়াবে।

ইতিহাস কি বলে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধ্বংসস্তূপ। আমেরিকা তাদের জিজ্ঞেস করলো “তোমাদের সবচেয়ে বড় ক্ষতি কি?”
জাপান বললো “আমরা ১০ লাখ শিক্ষক হারিয়েছি”।
আজ সেই জাপান পৃথিবী শাসন করে প্রযুক্তি দিয়ে।

ফিনল্যান্ডে শিক্ষকের বেতন ডাক্তার-ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি। তাই আজ তারা বিশ্বে শিক্ষায় ১ নম্বর।

আর আমরা? আমরা শিক্ষককে দিই ১২ হাজার টাকা, আর কোচিং ব্যবসায়ীকে দিই কোটি টাকার সাম্রাজ্য।

তাহলে ফেইল করছে কে?
১. রাষ্ট্র ফেইল করেছে: গলিতে গলিতে স্কুল খুলেছি, কিন্তু ল্যাব দিইনি, শিক্ষক দিইনি, নৈতিকতা দিইনি।
২. অভিভাবক ফেইল করেছে: সন্তানের হাতে ২০ হাজার টাকার মোবাইল তুলে দিয়েছি, কিন্তু ২০ মিনিট সময় দিইনি।
৩. শিক্ষক ফেইল করেছে: ক্লাসে পড়ানোর বদলে প্রাইভেট আর রাজনীতির মিছিলে ব্যস্ত।
৪. ছাত্র ফেইল করেছে: কারণ আমরা তাকে বই দিইনি, দিয়েছি Free Fire আর TikTok।

মাননীয় শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি:
আপনি কি জানেন, আজ যে ছেলেটা গণিতে ফেইল করলো, ১৫ বছর পর সেই ছেলেটাই হয়তো আপনার নাতির ব্রিজ বানাবে?
আজ যে মেয়েটা ইংরেজিতে ফেইল করলো, সেই মেয়েটাই হয়তো আপনার চিকিৎসা করবে?

আমরা ইট-পাথরের বাজেট বাড়াচ্ছি, কিন্তু মানুষ গড়ার বাজেট কমাচ্ছি।

আমার ৩ দফা দাবি – এখনই বাস্তবায়ন করুন:
১. “জাতীয় শিক্ষা জরুরি অবস্থা” ঘোষণা করুন। মানহীন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষকের বেতন সর্বনিম্ন ৫০,০০০ টাকা।
২. “ডিজিটাল কারফিউ আইন” পাস করুন। স্কুল-কলেজ-মাদ্রাসায় ১০০% মোবাইল নিষিদ্ধ। বাধ্যতামূলক নৈতিক শিক্ষা।
৩. “অভিভাবক জবাবদিহিতা আইন” করুন। সন্তান ২ বার ফেইল করলে গার্ডিয়ানকে আইনি কাউন্সেলিং এ যেতে হবে।

১/”একটা জাতিকে ধ্বংস করতে বোমা লাগে না। শুধু শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দিলেই হয়।

২/”আজ আমরা শিক্ষায় বিনিয়োগ না করলে, কাল আমাদের সন্তানরা অপরাধে বিনিয়োগ করবে।”*

৩/”ছাত্র ফেইল করলে একটা পরিবার কাঁদে। আর রাষ্ট্র ফেইল করলে ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ কাঁদে।”

সময় আছে। এখনও যদি আমরা না জাগি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

 

লেখক:

এস এম গিয়াসউদ্দিন সম্রাট

চেয়ারম্যান বীর চট্টলা টিভি

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram